এমসি কলেজে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের উদ্যোগে শহীদ রুমী স্মরণে শ্রদ্ধা নিবেদন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ৩০ আগস্ট ২০২৬, ৭:১১:১৯ অপরাহ্ন
এমসি কলেজ প্রতিনিধি : শহীদ রুমী স্মরণে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট এমসি কলেজ শাখার উদ্যোগে রোববার সকাল সাড়ে ১১টায় পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ক্যাম্পাসের শহীদ মিনারে শহীদ রুমীর অস্থায়ী প্রতিকৃতিতে শহীদ শ্রদ্ধা নিবেদন ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সিলেট নগর শাখার সভাপতি সুমিত কান্তি পিনাক, এমসি কলেজ শাখার সংগঠক দোয়েল রায়, অনিক দাস, অপূর্ব রায় প্রমুখ।
বক্তারা বলেন, “১৯৭১ সালে একটি স্বাধীন ও বৈষম্যহীন দেশ নির্মাণের জন্য জীবন দেন শহীদ শাফী ইমাম রুমীসহ ক্র্যাক প্লাটুনের বীরেরা। মেধাবী তরুণ রুমী চাইলেই বিদেশে পাড়ি দিয়ে নিরাপদ জীবনযাপন করতে পারতেন। কিন্তু দেশকে, দেশের মানুষকে ভালোবেসে তিনি বেছে নেন গেরিলা জীবন। স্বাধীন ও বৈষম্যহীন বাংলাদেশের জন্য উৎসর্গ করেন নিজের জীবন। দখলদার পাক বাহিনী যখন বিশ্ববাসীকে দেখাতে চেয়েছিল যে মুক্তিযুদ্ধ বলে কিছু নেই, ঠিক তখন ঢাকার বুকে রুমীদের একের পর এক সফল গেরিলা আক্রমণ সেই চক্রান্ত ভেঙে দেয়। ২৫ মার্চের নৃশংস গণহত্যার পর মুক্তিকামী মানুষের মধ্যে যে হতাশা ও ভয় তৈরি হয়েছিল, রুমীদের বীরোচিত ভূমিকা সেই ভয়কে সাহসে রূপান্তরিত করে। ১৯৭১ সালের ৩০ আগস্ট পাকিস্তানি হানাদার বাহিনীর এ দেশীয় দোসর ‘রাজাকার’দের প্রত্যক্ষ সহযোগিতায় শহীদ রুমীসহ ক্র্যাক প্লাটুনের বহু গেরিলা যোদ্ধা পাক বাহিনীর হাতে ধরা পড়েন। অকথ্য নির্যাতন চালানো হয় তাঁদের উপর। তাঁদের শেষ পরিণতি কী হয়েছিল তার হদিস পাওয়া যায়নি, কিন্তু তাঁরা আর ফিরে আসেননি।
তারা আরও বলেন, যে স্বপ্ন বা আকাঙ্ক্ষা নিয়ে দেশের জন্য রুমী প্রাণ দিয়েছিলেন, সে স্বপ্ন আজও বাস্তবায়ন হয়নি। আজও শিক্ষা ক্ষেত্রে চলছে ‘টাকা যার শিক্ষা তার নীতি’। শিক্ষার অধিকার নির্ভর করছে টাকার উপর। শিক্ষা শেষে কাজের নিশ্চয়তা নেই। বরং প্রতিনিয়ত বাড়ছে বেকারে সংখ্যা। নতুন করে প্রায় ৬লক্ষ মানুষ কাজ হারানোর ঝুঁকিতে পড়েছেন। শাসকদের নতজানু পররাষ্ট্র নীতির কারণে দেশ সাম্রাজ্যবাদী আগ্রাসনের ক্ষেত্রে পরিণত হচ্ছে। ইতিমধ্যে দেশের স্বার্থ বিসর্জন দিয়ে করা হয়েছে মার্কিন বাণিজ্য চুক্তি। একরের পর এক সামরিক চুক্তিতে স্বাক্ষর করে দেশকে বিপন্ন করে তুলছে শাসকরা।
শহীদ রুমীর চেতনাকে ধারণ করেই আগামীর বৈষম্যহীন দেশ ও বিপ্লবী ধারার ছাত্র।আন্দোলন গড়ার সংগ্রাম অব্যাহত রাখার আহবান জানান নেতৃবৃন্দ।



