স্মৃতি পদক প্রদান ও কর্মময় জীবনের আলোকচিত্র প্রদর্শনী
লন্ডনে এম সাইফুর রহমানের মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৯ সেপ্টেম্বর ২০২৬, ৭:২৭:২৫ অপরাহ্ন
নজরুল ইসলাম বাসন: বাংলাদেশের সাবেক অর্থমন্ত্রী, বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বোর্ড অব গভর্নরসের সাবেক চেয়ারম্যান এবং বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সাবেক সদস্য এম সাইফুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে যুক্তরাজ্যের লন্ডনে স্মরণসভা, দোয়া মাহফিল ও গুণীজনদের ‘এম সাইফুর রহমান স্মৃতি পদক’ প্রদান করা হয়েছে। একই সঙ্গে তাঁর কর্মময় জীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ সময়ের আলোকচিত্র নিয়ে প্রদর্শনীর আয়োজন করা হয়।
পূর্ব লন্ডনের ট্রামসেড হলে এম সাইফুর রহমান স্মৃতি পরিষদ, যুক্তরাজ্য আয়োজিত এ অনুষ্ঠানে যুক্তরাজ্যে বসবাসরত বিপুলসংখ্যক বাংলাদেশি অংশ নেন। ভাবগম্ভীর পরিবেশে অনুষ্ঠিত স্মরণসভায় বক্তারা এম সাইফুর রহমানের রাজনৈতিক ও কর্মজীবনের বিভিন্ন দিক স্মরণ করেন। বাংলাদেশের অর্থনীতি ও উন্নয়ন কর্মকাণ্ডে তাঁর অবদানের পাশাপাশি বৃহত্তর সিলেট ও মৌলভীবাজারের উন্নয়নে তাঁর ভূমিকার কথাও বক্তারা তুলে ধরেন।
সংগঠনের সভাপতি সাইদুর রহমান রেনুর সভাপতিত্বে এবং রুহুল ইসলাম রুলু ও সোয়ালেহীন করিম চৌধুরীর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয় পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আমিনুর চৌধুরী।
অনুষ্ঠানের শুরুতে সংগঠনের সাধারণ সম্পাদক মো. অদুদ আলম উপস্থিত অতিথি ও অংশগ্রহণকারীদের স্বাগত জানান। তিনি মরহুম এম সাইফুর রহমানের রুহের মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া প্রার্থনা করেন। পরে সংগঠনের সভাপতি সাইদুর রহমান রেনুর শুভেচ্ছা বক্তব্যের মধ্য দিয়ে স্মরণসভার মূল আলোচনা শুরু হয়।
স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে অনলাইনে বক্তব্য দেন মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক সভাপতি এম নাসের রহমান এমপি। তিনি যুক্তরাজ্যে এম সাইফুর রহমানের মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য আয়োজকদের ধন্যবাদ জানান।
এম নাসের রহমান বলেন, এম সাইফুর রহমান দেশের অর্থনৈতিক ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁর দীর্ঘ রাজনৈতিক ও কর্মজীবনের বিভিন্ন দিক স্মরণ করে তিনি আগামী দিনে একটি উন্নত ও সমৃদ্ধ মৌলভীবাজার জেলা গঠনে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সহযোগিতা করার আহবান জানান।
স্মরণসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মোখলেছুর রহমান চৌধুরী, কে এম আবু তাহের চৌধুরী, সিরাজ হক, নজরুল ইসলাম বাসন, যুক্তরাজ্য বিএনপির আহবায়ক আবুল কালাম আজাদ, সদস্যসচিব খসরুজ্জামান খসরু, আব্দুল হামিদ চৌধুরী ও মো. মওদুদ আলম।
এ ছাড়া বক্তব্য দেন মরহুম এম সাইফুর রহমানের নাতনী আমেরা রহমান। আরও বক্তব্য দেন আব্দুল মুহিত বাদশা, এমদাদ হোসেন টিপু, শহিদুল ইসলাম মামুন, মহিদুর রহমান আপেল, সৈয়দ সাকেরুজ্জামান, আব্দুল মুহিত সুহেল, দেলোয়ার হোসেন আহাদ, মুহিত চৌধুরী, আব্দুস সহিদ, কামরুজ্জামান খান কমরু, জাকির হোসেন, সৈয়দ রুয়েজ আহমেদ, আক্তার হোসেন, রাজুল জামান, রুবেল আহমেদ ও এমদাদ রাহাত প্রমুখ।
বক্তারা বলেন, এম সাইফুর রহমান বাংলাদেশের অর্থনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ একটি নাম। অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের সময় দেশের অর্থনীতি ও উন্নয়ন পরিকল্পনায় তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করেন। একই সঙ্গে বিশ্বব্যাংক ও আইএমএফের মতো আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সঙ্গে তাঁর সম্পৃক্ততা আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্বের ক্ষেত্রে তাঁর অভিজ্ঞতা ও ভূমিকার পরিচয় বহন করে।
বক্তারা আরও বলেন, এম সাইফুর রহমান শুধু জাতীয় পর্যায়েই নয়, তাঁর নিজ জেলা মৌলভীবাজারসহ বৃহত্তর সিলেট অঞ্চলের উন্নয়নেও বিভিন্ন কর্মকাণ্ডে ভূমিকা রেখেছেন। তাঁর কর্মজীবন ও রাজনৈতিক দর্শন নিয়ে ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে আরও আলোচনা ও গবেষণার প্রয়োজন রয়েছে বলেও তাঁরা মত দেন।
অনুষ্ঠানের একটি বিশেষ পর্বে বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ গুণীজনদের ‘এম সাইফুর রহমান স্মৃতি পদক’ প্রদান করা হয়। আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, সমাজ ও কমিউনিটিতে ইতিবাচক অবদান রাখা ব্যক্তিদের সম্মানিত করার পাশাপাশি এম সাইফুর রহমানের স্মৃতি ও কর্মের সঙ্গে নতুন প্রজন্মকে পরিচিত করাই এ পদক প্রদানের অন্যতম উদ্দেশ্য।
এ ছাড়া অনুষ্ঠানে মরহুমের কর্মময় জীবনের বিভিন্ন পর্যায়ের আলোকচিত্র নিয়ে বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়। রাজনৈতিক জীবন, রাষ্ট্রীয় দায়িত্ব পালন, আন্তর্জাতিক অঙ্গনে কর্মকাণ্ড এবং জনসম্পৃক্ততার বিভিন্ন মুহূর্তের ছবি প্রদর্শনীতে স্থান পায়। অনুষ্ঠানে অংশ নেওয়া অতিথিরা প্রদর্শনী ঘুরে দেখেন এবং তাঁর জীবনের বিভিন্ন স্মৃতি নিয়ে আলোচনা করেন।
স্মরণসভা শেষে মরহুম এম সাইফুর রহমানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন কে এম আবু তাহের চৌধুরী। মোনাজাতে মরহুমের আত্মার শান্তি এবং দেশ ও জাতির কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এম সাইফুর রহমানের কর্মময় জীবন ও দেশের জন্য তাঁর অবদানকে স্মরণ এবং নতুন প্রজন্মের কাছে তাঁর কর্মকাণ্ড তুলে ধরার লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের স্মরণমূলক কর্মসূচি অব্যাহত রাখার উদ্যোগ নেওয়া হবে।



