আজ হৃদবন্ধনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:২১:৫৭ অপরাহ্ন
সিলেটে আজ অনুষ্ঠিত হচ্ছে প্রতিশ্রুতিশীল সাহিত্য সংগঠন হৃদবন্ধন সাহিত্য পরিষদের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী ও সাংস্কৃতিক অনুষ্ঠান। একই সঙ্গে সংগঠনটির নতুন কমিটির অভিষেকও অনুষ্ঠিত হবে। আজ বৃহস্পতিবার বিকেল ৫টায় নগরীর নাইওরপুলস্থ হোটেল ফরচুন গার্ডেনের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেট জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গল্পকার ও শিশুসাহিত্যিক জামান মাহবুব, সাংবাদিক ও লেখক লিয়াকত শাহ ফরিদী, কবি ও লেখক পুলিন রায় এবং কবি ও লেখক অমিতা বর্দ্ধন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন কবি ও গবেষক মুহিবুর রহমান কিরণ।
প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনকে ঘিরে থাকছে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও কবিতা পাঠের আসর। এতে সংগঠনের সদস্যদের পাশাপাশি আমন্ত্রিত কবি-সাহিত্যিক ও সাংস্কৃতিক কর্মীরা অংশ নেবেন।
আয়োজকরা জানান, সাহিত্যচর্চা, সৃজনশীলতা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডকে আরও সমৃদ্ধ ও গতিশীল করার প্রত্যয় নিয়ে এবারের প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন করা হয়েছে। একই সঙ্গে নতুন কমিটির অভিষেকের মধ্য দিয়ে সংগঠনের কার্যক্রমকে আরও বিস্তৃত করার প্রত্যাশা রয়েছে।
এদিকে, হৃদবন্ধন সাহিত্য পরিষদের আহ্বায়ক, প্রতিষ্ঠাবার্ষিকী ও অভিষেক অনুষ্ঠান উদযাপন কমিটির সদস্য সচিব এবং সংগঠনের সভাপতির পক্ষ থেকে সিলেটের কবি, সাহিত্যিক, সংস্কৃতিকর্মী ও সাহিত্যপ্রেমীদের অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।



