টিকটকে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির অভিযোগে মৌলভীবাজারে যুবক কারাগারে
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৪ অক্টোবর ২০২৬, ৯:৪৬:৩১ অপরাহ্ন
প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে কটূক্তির অভিযোগে মৌলভীবাজার সদর উপজেলায় মো. মামুন নামে এক যুবককে আটক করেছে পুলিশ। শনিবার (৩ অক্টোবর) রাত ১১টার দিকে মৌলভীবাজার সদর উপজেলার গিয়াসনগর ইউনিয়নের শাহাপুর গ্রামের নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে মৌলভীবাজার সদর মডেল থানা পুলিশ।
তিনি একই এলাকার নিজাম মিয়ার ছেলে।
আজ রোববার (৪ অক্টোবর) মৌলভীবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, প্রধানমন্ত্রী তারেক রহমানকে অশালীন ভাষায় গালিগালাজ করে ভিডিও তৈরি করে নিজের টিকটক আইডিতে পোস্ট করেন মামুন। ভিডিও ছড়িয়ে পড়লে সাধারণ মানুষের মধ্যে তীব্র নিন্দার ঝড় ওঠে। মামুনের বিরুদ্ধে থানায় পূর্বের আরেকটি লিখিত অভিযোগ রয়েছে।
মৌলভীবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, সে ফ্যাসিস্টের লোক। তার বিরুদ্ধে আগের পলিটিকাল মামলা ছিল। আর বর্তমানে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করেছে। এজন্য তাকে ওই মামলায় আজ কোর্টে চালান করা হয়েছে। কোর্ট তাকে কারাগারে প্রেরণ করেছেন।



