সিলেট জেলা ক্রীড়া সংস্থার নবগঠিত এ্যাডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৪ অক্টোবর ২০২৬, ৯:৪৯:২৬ অপরাহ্ন
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন জাতীয় ক্রীড়া পরিষদ কর্তৃক অনুমোদিত সিলেট জেলা ক্রীড়া সংস্থার নবগঠিত এ্যাডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেল ৩ টায় সিলেটের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
সিলেটের জেলা প্রশাসক ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার নবগঠিত এ্যাডহক কমিটির সভাপতি আবদুল্লাহ আল মামুন-এর সভাপতিত্বে এবং সংস্থার সদস্য-সচিব রেজাউল করিম নাচন-এর সঞ্চালনায় সভায় জেলা ক্রীড়াঙ্গনের উন্নয়নে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।
সভায় উপস্থিত ছিলেন- কমিটির সদস্য ও সিলেটের পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক, সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)-এর প্রতিনিধি, জেলা সমাজসেবা অফিসের উপপরিচালক মো. আব্দুর রফিক, জেলা ক্রীড়া অফিসার মো. নূর হোসেন, নবগঠিত এ্যাডহক কমিটির সদস্য মোহাম্মদ মকসুদ আহমদ।
সভার প্রারম্ভেই সভাপতি সিলেট জেলা ক্রীড়া সংস্থার নবগঠিত এ্যাডহক কমিটির সদস্য-সচিবসহ সকল সদস্যবৃন্দকে ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা ও বরণ করে নেন। পরে উপস্থিত সদস্যবৃন্দ নিজ নিজ অবস্থান থেকে পরিচিতি প্রদান করেন।
সিলেটের ক্রীড়াঙ্গনকে আরও গতিশীল ও মানসম্পন্ন করে গড়ে তোলার লক্ষ্যে উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। বিশেষ করে নিয়মিত খেলাধুলার আয়োজন, জাতীয় পর্যায়ে ক্রীড়াবিদদের অংশগ্রহণ বৃদ্ধি এবং ক্রীড়ার মানোন্নয়নে নানামুখী কর্মপন্থা ও ভবিষ্যৎ পরিকল্পনা গ্রহণের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়।



