জিপিএ-৫ পেয়েছেন ৩ হাজার ৬১৪ জন শিক্ষার্থী
এসএসসিতে সিলেট শিক্ষাবোর্ডে পাশের হার ৬৮.৫৭ শতাংশ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১০ জুলাই ২০২৫, ২:৫৫:৩০ অপরাহ্ন
সিলেটের ডাক অনলাইন: চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড সিলেটের চেয়ারম্যান প্রফেসর মো. আনোয়ার হোসেন চৌধুরী এই ফলাফল ঘোষণা করেন। এবছর সিলেট শিক্ষাবোর্ডে এসএসসিতে পাশের হার ৬৮.৫৭ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ৩ হাজার ৬১৪ জন শিক্ষার্থী।
এবছর সিলেট শিক্ষাবোর্ডে ১ লাখ ২ হাজার ২১৯ জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে ৭০ হাজার ৯১ জন উত্তীর্ণ হয়। এর মধ্যে ২৮ হাজার ৬৮৪ জন ছাত্র ও ৪১ হাজার ৪০৭ জন ছাত্রী। ছেলেদের পাশের হার ৬৮.৬২ শতাংশ ও মেয়েদের ৬৮.৫৪ শতাংশ।
ফল দেখবেন যেভাবে-
শিক্ষাবোর্ড গুলোর ওয়েবসাইট ও এসএমএসের মাধ্যমে ফল জানা যাবে। ওয়েবসাইটে রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, পরীক্ষার নাম, বছর ও শিক্ষা বোর্ড সিলেক্ট করে ‘সাবমিট’ বাটনে ক্লিক করে ফল জানা যাবে।
এ ছাড়া মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমেও ফল জানা যাবে। ফোনের মেসেজ অপশনে গিয়ে SSC লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে আবার স্পেস দিয়ে পাসের বছর লিখে পাঠাতে হবে 16222 নম্বরে। উদাহরণ: SSC Dha 123456 2025 লিখে 16222 নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএমএসে জানা যাবে ফল।
দাখিলের ফল পেতে Dakhil লিখে স্পেস দিয়ে Mad লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে 2025 লিখে 16222 নম্বরে পাঠাতে হবে। আর কারিগরি বোর্ডের ক্ষেত্রে SSC লিখে স্পেস দিয়ে Tec লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে 2025 লিখে 16222 নম্বরে পাঠালে ফিরতি এসএমএসে ফলাফল পাওয়া যাবে।




