ওসমানীনগরে সমন্বয়ক পরিচয়ে ভূমি অফিসে অনৈতিক তদবির, ২ মাসের কারাদণ্ড
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৮ জুলাই ২০২৫, ৯:০১:২২ অপরাহ্ন
ওসমানীনগর (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা : সিলেটের ওসমানীনগরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা ও জামায়াত নেতা পরিচয়ে উপজেলা ভূমি অফিসে অনৈতিক তদবির ও তদবির না শুনায় সরকারি কর্মকর্তার অফিস ঘেরায়ের হুমকীর অভিযোগে মোঃ মাহবুবুর রহমান (৩২) নামের এক যুবককে আটক করে ২ মাসের কারাদন্ড দিয়েছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত। আজ সোমবার (২৮ জুলাই) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জয়নাল আবেদীন ভ্রাম্যমান আদালতে তাকে এই দন্ড প্রদান করেন। মাহবুবুর রহমান উপজেলার সাদীপুর ইউনিয়নের সাদিপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।
তবে সে জামায়াতের নয় বলে দলটি বলছে।
জানা গেছে, মাহবুবুর রহমান সম্প্রতি নিজেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় নেতা ও জামায়াত নেতা পরিচয় দিয়ে তার পরিবারের একটি যৌথ ভূমির নামজারি করে দেয়ার জন্য উপজেলা সহকারী কমিশনার (এ্যাসিল্যান্ড) সহ অন্যান্য কর্মকর্তাকে চাপ প্রয়োগ করে তদবির করে আসছিলেন। অনিয়মতান্ত্রিকভাবে তদবিরটি বাস্তবায়ন না করায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জয়নাল আবেদীনকে ছাত্রদের নিয়ে অফিস ঘেরাও করে ভাঙচুর করার হুমকী দেয়।
সোমবার ভুমি অফিসে উপস্থিত হয়ে কর্মকর্তাদের আবারো হুমকী প্রদান করলে তাকে আটক করা হয়। এসময় ভ্রাম্যমান আদালতের মুখোমুখি করা হলে সে দোষ স্বীকার করে জবানবন্দি প্রদান করে একই এলাকার ডাঃ আব্দুল লতিফ ও আমান আহমদ নামের ব্যক্তিদের প্ররোচণার কথা স্বীকার করে। এসময় আদালত তাকে দন্ডবিধির ১৮৬ ধারায় ২ মাসের কারাদন্ড ও ৫শ টাকার অর্থদন্ড প্রদান করে জেল হাজতে প্রেরণ করেন।
ওসমানীনগর উপজেলা জামায়াতের সেক্রেটারী আনহার আহমদ বলেন, এ নামে জামায়াতের কোনো কর্মী বা নেতা আমাদের দলে নেই।
ওসমানীনগর থানার ওসি মো. মোনায়েম মিয়া বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোবাইল কোর্ট পরিচালনা করে কারাদন্ডপ্রাপ্ত এক যুবককে সেখানে নিযুক্ত পুলিশের টিমের কাছে হস্তান্তর করেছেন।আমরা তাকে জেলহাজতে প্রেরণ করেছি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জয়নাল আবেদীন এর সত্যতা নিশ্চিত করে বলেন, মাহবুুবুর নিজেকে জামায়াত নেতা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিচয় দিয়ে এসিল্যান্ডসহ অন্যান্য কর্মকর্তাদের হুমকী প্রদানসহ সরকারি কাজে অনৈতিকভাবে বাধা সৃষ্টি করে আসছিল। সোমবার অফিসে এসে আবারও হুমকী প্রদান করে। ভ্রাম্যমান আদালতের কাছে সে দোষ স্বীকার করায় তাকে আইনগতভাবে আদালত বসিয়ে দন্ড প্রদান করে আদালতে প্রেরণ করা হয়েছে।




