আমি কোনো মঞ্চ নাটকের অভিনেতা না যে, যেটা করবো সেটা দেখতে পারবেন- আসিফ নজরুল
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৭ সেপ্টেম্বর ২০২৫, ৭:১৮:৫৬ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : অন্তর্বর্তীকালীন সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, দেখবেন সবার তো সোস্যাল মিডিয়া আছে, যার যেরকম চায় বলা যায়। আপনারা প্রায়ই দেখবেন বলবে আপনারা কি করছেন? মানুষজনের রক্তের উপর আপনাদের বসাইছে। আপনারা কি করছেন। আমি বুঝতে পারি না এর আনসারটা কি? আমিতো ফুটবল প্লেয়ার না বা কোনো মঞ্চ নাটকের অভিনেতা না। আমি যেটা করবো, সেটা আপনারা দেখতে পারবেন। সেটা আপনাকে দেখতে হবে কাজের মধ্যে দিয়ে। এই যে লিগ্যাল এইডের কাজ করলাম। এর বাইরে আমরা অনেক কাজ করেছি, যেটা বাংলাদেশে ইতিহাসে কোনোদিন হয়নি।
বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে মহানগরের গ্র্যান্ড সিলেট হোটেলে জারিকৃত আইনগত সহায়তা প্রদান (সংশোধন) অধ্যাদেশ-২০২৫ মামলাপূর্ব মধ্যস্থতার বাধ্যতামূলক বিধান কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
আইন উপদেষ্টা বলেন, আমরা সিভিল আদালত, ক্রিমিনাল আদালতকে পৃথক করেছি যাতে সিভিল আদালতে নিষ্পত্তি বাড়ে, মামলার নিষ্পত্তি দ্রুতগামী হয়। এটা কোনোদিন বাংলাদেশে আগে করা হয়নি।




