২ জন গ্রেফতার
সিলেট থেকে হবিগঞ্জ পর্যন্ত ধাওয়া করে মাদক ভর্তি ট্রাক আটক
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১২ জুলাই ২০২৫, ৪:০০:৩৪ অপরাহ্ন
ডাক ডেস্ক : সিনেমার কাহিনীকে হার মানিয়ে প্রায় ১শ কিলোমিটার ধাওয়া করে অপরাধীকে গ্রেফতার করেছে র্যাব। সিলেটের সালুটিকর থেকে ধাওয়া করে হবিগঞ্জ জেলার লস্করপুর রেলক্রসিংয়ে গিয়ে মাদক ভর্তি ট্রাক আটক করেছে র্যাব। ট্রাক থেকে ১ হাজার ৮৮০ বোতল বিদেশী মদসহ ২ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলো, নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানার বারদী গ্রামের মৃত শফিকুর রহমানের ছেলে মো. জীবন মিয়া (২৭) এবং কুমিল্লা জেলার দাউদকান্দি থানার সুফিরকান্দি গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে মো. আরিফ ভূইয়া ( ৩০)।
গতকাল শুক্রবার র্যাব-৯ এর সদর কোম্পানীর একটি দল বেলা ৩টা ৫০ মিনিটের দিকে সালুটিকর চেকপোস্টে একটি ডাম্পার ট্রাককে থামার সংকেত দেয়। ট্রাকটি সংকেত অমান্য করে দ্রুত গতিতে পালিয়ে যেতে থাকে। এসময় র্যাবের একটি দল ট্রাকটির পেছনে ধাওয়া করে। ট্রাকটি সিলেট জেলার কোথাও না থেমে দ্রুত গতিতে সিলেট-ঢাকা মহাসড়ক হয়ে ঢাকার দিকে যেতে থাকে। পরবর্তিতে হবিগঞ্জের লস্করপুর রেলক্রসিং এর সিগনালে পড়ে ট্রাকটি মোড় ঘুরিয়ে একটি গ্রামের রাস্তার দিকে যাওয়ার চেষ্টা করলে র্যাবের গাড়িটি বাধা দেয়ার চেষ্টা করে। এসময় ট্রাকটি র্যাবের হায়েস গাড়ির সামনের অংশে ধাক্কা দিয়ে ক্ষতিগ্রস্ত করে লস্করপুরের একট সরু রাস্তায় প্রবেশ করে। র্যাবের গাড়িটি আবারো ট্রাকটির পিছু নেয়। কিছুদূর যাওয়ার পর চর হামুয়া এলাকায় ট্রাকটি বামদিকে কাত হয়ে পড়ে যায়। এসময় ট্রাকের বাম দিকের দরজা খুলে ২ ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করলে র্যাব সদস্যরা ধাওয়া করে তাদের আটক করে। পরে ট্রাকের বালুর নিচে থেকে ১ হাজার ৮৮০ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়। র্যাব-৯ এর শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি দল যৌথ অভিযানে অংশ নেয়।



