চিকিৎসাসেবার জন্য সারাদেশে ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে- প্রধানমন্ত্রী
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০২ মে ২০২৬, ৪:৩৪:৪৫ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দুঃখজনকভাবে হলেও সত্য শহরের মানুষ কিছুটা চিকিৎসাসেবা পেলেও গ্রামের মানুষদের আমরা চিকিৎসা সুবিধা দিতে পারি নি। সেজন্য আমরা বলেছিলাম আমরা একটি ব্যবস্থা গ্রহণ করতে চাই। আমরা যদি মানুষকে সচেতন করতে পারি, সচেতনতার মাধ্যমে অসুস্থ মানুষের সংখ্যা কমিয়ে আনতে পারি, তাহলে অসুস্থতার হার কমে আসবে। এতে যারা অসুস্থ হবে, তারা বেটার চিকিৎসা পাবে। আমরা দেশে ১ লক্ষ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ গ্রহণ করেছি। যেখানে ৮০ ভাগ থাকবে নারী। তাদের দায়িত্ব হলো গ্রামে গ্রামে মানুষের ঘরে যাওয়া। শহরেও তারা থাকবে, মানুষদের সচেতন করবে। আমরা জোর দিবো গ্রামের মানুষদের বেশি। তারা গ্রামে গিয়ে মানুষকে বোঝাবে- কোন খাবার খেলে ডায়েবিটিস হবে, কোন খাবার খেলে হার্টে সমস্যা হবে না, সেসব বিষয়ে সচেতন করবে, হাইজিন সম্পর্কে মানুষকে সচেতন করবে। এতে করে অসুস্থ রোগীর সংখ্যা কমে আসবে।
তিনি আরও বলেন, সিলেট মেডিকেল কলেজের অধীনে ২৫০ শয্যার হাসপাতাল যাতে দ্রুত চালু হতে পারে, সেই ব্যবস্থা করছি আমরা। এর অধীনে যাতে ১২০০ শয্যার হাসপাতালে উন্নীত করা যায়, তার ব্যবস্থা করবো। আমাদের পরিকল্পনার মধ্যে এটি রয়েছে।
আজ শনিবার (২ মে) সকালে সিলেট সিটি কর্পোরেশন কর্তৃক আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সিলেট সিটি কর্পোরেশন এলাকায় সুরমা নদীর উভয় পাড়ে সৌন্দর্যবর্ধনসহ বন্যা প্রতিরোধী অবকাঠামো নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তরস্থাপন উপলক্ষে এই সুধী সমাবেশের আয়োজন করা হয়।
তারেক রহমান বলেন, বুড়িগঙ্গা নদীর পানি বিষাক্ত হয়ে গেছে। এভাবে যদি সবগুলো নদীর পানি বিষাক্ত হয়ে যায়, তাহলে আমরা অসম্ভব সমস্যার মধ্যে পড়বো। এবিষয়ে আমাদের মানুষদের সচেতন করতে হবে। প্লাস্টিক, পলিথিন, কাগজ যেকোনো বর্জ্য যাতে নির্দিষ্ট স্থানে যাতে ফেলি, সেই ব্যবস্থা করতে হবে। প্রাইমারী স্কুল, হাইস্কুলের বাচ্চাদের যদি আপনারা এসব বিষয়ে সেখান, তাহলে তারা শিখবে, বাবা-মাদেরও শেখাবে। বড়দের শেখাতে চাইলে তারা শিখতে চায় না। বাচ্চারা যা শিখে, তা তাদের বাবা-মাদের শেখাতেও বাধ্য করে। এটি শুধু সিলেট সিটি নয়, সারাদেশের কথা বলছি। সিটি কর্পোরেশন এলাকার বাচ্চাদের যদি আপনারা সচেতন করতে পারেন, তাহলে ভবিষ্যতে তারা এসব শিখে কাজে লাগতে পারে।
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে সুধী সমাবেশে বক্তব্য রাখেন বস্ত্র, পাট ও শিল্প মন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার প্রমুখ।
এর আগে নগরীর ক্বিন ব্রিজ এলাকায় বিভাগীয় নগরী সিলেটকে বন্যামুক্ত রাখতে সুরমা নদীর সাথে সংযুক্ত ছড়া-নালায় সুইস গেইট ও নদীর দুই তীরের ১৫ কিলোমিটার এলাকা জুড়ে প্রতিরক্ষা বাঁধ নির্মাণ-এ প্রকল্পের ভিত্তিপ্রস্তরস্থাপনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার সকাল ৯ টা ৫২ মিনিটে ইউএস বাংলার বিএস-৫৩১ ফ্লাইটে সিলেটে এসে পৌঁছান তিনি। তাঁর সঙ্গে রয়েছেন সহধর্মিণী ও সিলেটের কন্যা ডা. জুবাইদা রহমান। প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর এটিই তারেক রহমানের প্রথম পুণ্যভূমি সিলেট সফর।
পরে হযরত শাহজালাল (র.) এর মাজার জিয়ারত করেন তিনি।



