হবিগঞ্জে ওয়াটার রিজার্ভারে বিষক্রিয়ায় ২ শ্রমিকের মৃত্যু
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৩ জুলাই ২০২৫, ৩:২৭:১৫ অপরাহ্ন
হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে নির্মাণাধীন একটি ভবনের ওয়াটার রিজার্ভারে বিষক্রিয়ায় দুই শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় ভবন নির্মাণের ঠিকাদার মোবাশ্বির মিয়া আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। গতকাল শনিবার সন্ধ্যা ৭টার দিকে শায়েস্তাগঞ্জ পৌরসভার সাবাসপুর গ্রামে এ ঘটনাটি ঘটেছে। নিহতরা হলেন- চুনারুঘাট উপজেলার শানখলা ইউনিয়নের পঞ্চাশ গ্রামের মানিক মিয়া (৫৫) ও বানিয়াচং উপজেলার কাটখাল গ্রামের রফিকুল ইসলাম (৩০)।
শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কান্ত নাথ জানায়, চুনারুঘাট উপজেলার পঞ্চাশ গ্রামের খন্দকার আনোয়ার হোসেন পৌরসভার সাবাসপুর গ্রামে জমি ক্রয় করে বহুতল ভবনের নির্মাণ কাজ করছেন। গতকাল শনিবার সন্ধ্যায় দুই শ্রমিক রিজার্ভারের সাটার খুলতে নিচে নামেন। দীর্ঘদিন সেখানে পানি জমা ও মুখ বন্ধ থাকায় রিজার্ভারে বিষাক্ত গ্যাস সৃষ্টি হয়। ভেতরে নামতেই দুইজন গ্যাসের বিষক্রিয়ায় মারা যান। এ সময় ঠিকাদার মোবাশ্বির তাদের উদ্ধারে গেলে তিনিও অচেতন হয়ে পড়েন।
শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ আরিফুল ইসলাম জানান, ঘটনার খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে পৌঁছে দুইজনের মৃতদেহ উদ্ধার করে থানায় হস্তান্তর করেন।




