ট্রাক ও বেলচা শ্রমিকদের মধ্যে বিতন্ডার জের
সিলেট-তামাবিল মহাসড়ক অবরোধ, মানুষের ভোগান্তি
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১:০৪:৩৩ অপরাহ্ন
জৈন্তাপুর (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা : ট্রাক ও বেলচা শ্রমিকদের মধ্যে বিতন্ডার জের ধরে সিলেট-তামাবিল মহাসড়ক অবরোধের কারণে সাধারণ মানুষকে ভোগান্তি পোহাতে হয়েছে। এ সময় বিপুল সংখ্যক যানবাহন আটকা পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
গতকাল বৃহস্পতিবার দুপুরে জৈন্তাপুর উপজেলার ৪নং বাংলাবাজার এলাকায় এই সড়ক অবরোধ করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, ট্রাক শ্রমিক ও ট্রাকে বালু পাথর লোড আনলোডের কাজে নিয়োজিত বেলচা শ্রমিকদের মধ্যে দীর্ঘদিন ধরে মতবিরোধ চলে আসছিলো। বেলচা শ্রমিকদের অভিযোগ, ট্রাক চালক ও শ্রমিকরা প্রায়ই তাদের সাথে দুর্ব্যবহার করে আসছেন। তারই ধারাবাহিকতায় গতকাল বৃহস্পতিবার উপভয়পক্ষে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
এতে ৩ জন বেলচা শ্রমিক আহত হন। তাদের উদ্ধার করে স্থানীয়রা হাসপাতালে পাঠান। পরে ট্রাক শ্রমিকরা রাস্তায় গাড়ি রেখে অবরোধ করে। প্রায় ঘণ্টা খানেক চলা এই অবরোধের ফলে আটকা পড়ে শত শত যানবাহন।
খবর পেয়ে পুলিশ ও স্থানীয় গণমান্যব্যক্তিরা ঘটনাস্থলে গিয়ে দু’পক্ষের সাথে আলোচনা করে বিষয়টি সমাধানের আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেন।
জৈন্তাপুর থানার ওসি আবুল বাশার মোহাম্মদ বদরুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিষয়টি নিয়ে আগামী সপ্তাহে স্থানীয় ব্যক্তিবর্গ এবং উভয়পক্ষকে নিয়ে বৈঠকের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ঘটনায় কেউ আহত হননি এবং কোন অভিযোগ বা আটক নেই বলেও জানান তিনি।



