গাছকাটা ও সাংবাদিকের উপর হামলা, সাতছড়ি রেঞ্জ কর্মকর্তা সাময়িক বরখাস্ত
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৮ সেপ্টেম্বর ২০২৫, ৭:০৫:০০ অপরাহ্ন
চুনারুঘাট (হবিগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা : সাতছড়ি জাতীয় উদ্যানে কর্মরত রেঞ্জ কর্মকর্তা মো. মামুনুর রশিদের বিরুদ্ধে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ প্রমাণিত হয়েছে। এ ঘটনায় তাকে সাময়িক বরখাস্ত করে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। গতকাল বুধবার সকালে এ তথ্য নিশ্চিত করেন সিলেটের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. আবুল কালাম।
জানা গেছে, গত ১১ সেপ্টেম্বর মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, সাতছডড়ি জাতীয় উদ্যানে গাছ চুরির সংবাদ সংগ্রহে গেলে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় রেঞ্জ কর্মকর্তা মামুনুর রশিদের সম্পৃক্ততা তদন্তে প্রমাণিত হয়েছে। এ ছাড়া আরো কিছু গুরুতর অভিযোগের প্রেক্ষিতে ওই কর্মকর্তার বিরুদ্ধে দ্রুত বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্যে বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষককে (সিসিএফ) নির্দেশ দেওয়া হয়। মন্ত্রণালয়ের উপসচিব তুষার কান্তি পাল স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ ও সাময়িক বরখাস্ত করারও নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে একই মন্ত্রণালয় থেকে সাতছড়ি জাতীয় উদ্যানের সব কর্মকর্তা-কর্মচারীকে বাধ্যতামূলক বদলি করার নির্দেশও দেওয়া হয়।
উল্লেখ্য, সম্প্রতি দুজন সাংবাদিক সাতছড়ি জাতীয় উদ্যানে গাছ পাচারের সংবাদ সংগ্রহ করতে গেলে সাংবাদিকরা হামলার শিকার হন। পরে ঘটনাটি ধামাচাপা দিতে উল্টো তাদের বিরুদ্ধেই থানায় চাঁদাবাজির মামলা দায়ের করা হয়। গণমাধ্যমে ঘটনাটি ব্যাপক প্রচারিত হলে মন্ত্রণালয় তদন্ত কমিটি গঠন করে। তদন্তে মামুনুর রশিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।




