ছাতকে সাংবাদিকদের সাথে মতবিনিময়
ছাতক-দোয়ারার কাংখিত উন্নয়নই আমার লক্ষ্য : মিলন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১১ নভেম্বর ২০২৫, ১:৪৩:১৭ অপরাহ্ন
ছাতক (গোবিন্দগঞ্জ ও জাউয়া) থেকে নিজস্ব সংবাদদাতা : বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক, সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক সাবেক এমপি ও আসন্ন সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী কলিমউদ্দিন আহমেদ মিলন বলেছেন, অতীতের নানাবিধ রাজনৈতিক ষড়যন্ত্র ও বৈষম্যের শিকার দীর্ঘদিনের উন্নয়ন বঞ্চিত ও অবহেলিত ছাতক-দোয়ারার কাংখিত উন্নয়নই আমার জীবনের সাধনা ও মূল লক্ষ্য। তিনি আরো বলেন, দক্ষিণাঞ্চলসহ পুরো ছাতক উপজেলা ও দোয়ারা বাজার উপজেলার যোগাযোগ ব্যবস্থা আজ বিধ্বস্ত ও বিপর্যস্ত, রাস্তাগুলো ভেঙে চুরে – গুঁড়িয়ে গেছে। পথচারী ও যানবাহন চলাচলের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়েছে। চিকিৎসা ও শিক্ষার আরো উন্নয়ন করতে হবে।
ছাতক শহরস্থ তার বাসভবনে গতকাল সোমবার বেলা ২টায় ছাতক প্রেসক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মিলন বলেন, কমলালেবু, তেজপাতা, চুন, চুনাপাথর, বোল্ডার পাথর ইত্যাদি ব্যবসা বাণিজ্য ও অর্থনৈতিককান্ডে ব্রিটিশ আমলে বৃহত্তর ছাতকের সুনাম ও ঐতিহ্য সুদূর ইংল্যান্ড ও ভারতবর্ষে ছড়িয়ে ছিল। সঠিক নেতৃত্ব ও বিভিন্ন বৈষম্যের যাঁতাকলে ছাতকের পুরনো ইতিহাস ও ঐতিহ্য আজ অনেকাংশেই বিলুপ্ত। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এলাকার অভুতপূর্ব অর্থনৈতিক উন্নয়নে ছাতক- ভোলাগঞ্জ রোপওয়েকে সংস্কার ও ক্যাবল তার সংযুক্তির মাধ্যমে পর্যটন শিল্পে নিয়ে আসা অতীব জরুরি। তিনি বলেন, মুক্তিযুদ্ধের ৫নং সেক্টর হেড কোয়ার্টার বাঁশতলা হকনগরে নতুন অবকাঠামো নির্মাণসহ আকর্ষণীয় পর্যটন এলাকা হিসেবে গড়ে তোলা প্রয়োজন।
এ সময় উপস্থিত ছিলেন, ছাতক প্রেসক্লাব সভাপতি সৈয়দ হারুন অর রশীদ, সহসভাপতি বদরউদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক আব্দুল আলিম, সাংগঠনিক সম্পাদক নূর মিয়া রাজুসহ প্রেসক্লাব নেতৃবৃন্দ, সুনামগঞ্জ জেলা বিএনপির নির্বাহী সদস্য সামছুল হক নমু, ছাতক পৌর বিএনপির আহবায়ক সামছুর রহমান শামছু, যুগ্ম আহবায়ক সাবেক পৌর কমিশনার জসিমউদদীন সুমেন, বিএনপি নেতা এসএম লায়েক শাহ, মোশাররফ হোসেন, সৈয়দ জাহাংগীর আলম, কয়েস আহমদ লিজন তালুকদার প্রমুখ।




