নবীগঞ্জে মায়ের হত্যা মামলার ১৯ বছর পর র্যাবের হাতে ছেলে গ্রেফতার
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৭ নভেম্বর ২০২৫, ৩:৩৭:৫৭ অপরাহ্ন
নবীগঞ্জ (হবিগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা : হবিগঞ্জের নবীগঞ্জে মাকে নৃশংসভাবে হত্যার মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি ফজল মিয়া অবশেষে ১৯ বছর পর র্যাবের হাতে ধরা পড়েছে। শনিবার রাত আনুমানিক ৯টা ৪০ মিনিটের দিকে সিলেটের গোয়াইনঘাট উপজেলার পূর্ব জাফলং এলাকায় র্যাব-৯ এর একটি যৌথ দল বিশেষ অভিযান পরিচালনা করে তাকে আটক করে।
ঘটনার বিবরণে জানা যায়, ২০০৫ সালের ২৯ অক্টোবর তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নিজের মা আঙ্গুরা বেগমকে ঘরের ভেতরে নির্মমভাবে গলা কেটে হত্যা করে ফজল মিয়া। ঘটনার পর মা’য়ের লাশের দেহ ঘরের ভেতরে এবং মাথা ঘরের বাইরে রেখে পালিয়ে যায় এই কুলাঙ্গার ছেলে। এমন হৃদয়বিদারক দৃশ্য দেখে শোকাহত পরিবারের সদস্যরা বিষয়টি জানালে নিহতের ভাই আব্দুর রশিদ নবীগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন।
মামলার পুলিশি তদন্ত ও আদালতে সাক্ষ্যগ্রহণ শেষে আদালত ফজল মিয়াকে মৃত্যুদণ্ড প্রদান করেন। তবে রায়ের পর থেকেই তিনি পলাতক ছিলেন। অবশেষে দীর্ঘ ১৯ বছর পর আইনের চোখ ফাঁকি দিয়ে বাঁচার সমস্ত পথ বন্ধ করে তাকে গ্রেফতার করতে সক্ষম হলো র্যাব।
মায়ের প্রতি ভালোবাসা যেখানে সন্তানের জীবনের আলো, সেখানে ফজল মিয়ার এই অমানবিক আচরণ সমাজকে স্তব্ধ করে দেওয়ার মতোই। নৃশংসতার এমন দৃষ্টান্ত আজও নবীগঞ্জবাসীর হৃদয়ে গা শিউরে ওঠার মতো স্মৃতি হয়ে রয়ে গেছে।
র্যাব জানায়, ফজল মিয়াকে আইনানুগ পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য নবীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।




