বর্ণাঢ্য আয়োজনে সিলেটে সশস্ত্র বাহিনী দিবস পালন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২২ নভেম্বর ২০২৫, ৮:৪৩:৪২ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেটে বর্ণাঢ্য আয়োজনে যথাযথ মর্যাদায় সশস্ত্র বাহিনী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল শুক্রবার বিকেলে সিলেট সেনানিবাস বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন স্তরের সেনা, নৌ ও বিমানবাহিনী কর্মকর্তা, প্রশাসনের উচ্চ পদস্থ কর্মকর্তা ও সাংবাদিকসহ বিভিন্ন পেশার প্রতিনিধিত্বশীল ব্যক্তিবর্গের মিলনমেলায় পরিণত হয়।
এ উপলক্ষে সিলেট সেনানিবাসে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও উপহার প্রদান করা হয়। এছাড়াও সমরাস্ত্র প্রদর্শনী, মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ, কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় কমান্ডো সদস্যদের আকর্ষণীয় দৈহিক কলাকৌশল দর্শকদের প্রশংসা কুড়ায়।
আনন্দঘন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সেনাবাহিনীর ১৭ পদাতিক ডিভিশনের জিওসি ও সিলেট এরিয়ার কমান্ডার মেজর জেনারেল আ স ম রিদওয়ানুর রহমান এডব্লিউসি, এএফডব্লিউসি, পিএসসি, জি।
তিনি তাঁর বক্তব্যের শুরুতে মুক্তিযুদ্ধে জেনারেল এমএজি ওসমানীসহ সিলেট অঞ্চলের মানুষের অসীম সাহসিকতা, সহযোগিতা ও বীরত্বপূর্ণ অবদানের কথা কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন।
তিনি বলেন, ২১ নভেম্বর জাতির ইতিহাসে এক গৌরবোজ্জ্বল দিন। ১৯৭১ সালের এই দিনে সম্মিলিত আক্রমণের মাধ্যমে মুক্তিযুদ্ধের বিজয়যাত্রা আরও ত্বরান্বিত হয়। যার ধারাবাহিকতায় ১৬ ডিসেম্বর অর্জিত হয় স্বাধীন সার্বভৌম বাংলাদেশ।
তিনি বলেন, পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি সশস্ত্র বাহিনী জাতীয় দুর্যোগ মোকাবিলা, অবকাঠামো উন্নয়ন, আর্তমানবতার সেবা, জঙ্গিবাদ প্রতিরোধ এবং বেসামরিক প্রশাসনকে সহায়তার মাধ্যমে দেশের সার্বিক অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।
তিনি বলেন, বাংলাদেশের সেনা ও সশস্ত্রবাহিনী স্বমিহমায় উদ্ভাসিত, দেশপ্রেমেরে চেতনায় উজ্জীবিত। সেনাবাহিনী এখন জাতির আস্থার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান। ২৪ সালে অস্থিতিশীল পরিস্থিতিতে জুলাই গনঅভ্যুত্থানে সেনাবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তিনি জুলাই গনঅভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণ করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে মুক্তিযুদ্ধের স্মুতি চারণ করে বক্তব্য রাখেন মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) আবদুস সালাম চৌধুরী।
অনুষ্ঠানে সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী উপস্থিত ছিলেন।




