সিলেটে জব্দ বালু নিলাম নিয়ে কারসাজি, ১৩ কোটি টাকার বালু বিক্রি হলো ৩৮ লাখে!
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৩ নভেম্বর ২০২৫, ৪:২১:০৪ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: সিলেটে বালুমহাল থেকে জব্দ করা বালুর সরকারি নিলাম ডাকের দর অনেকটা কম ধরে বিক্রি করা হয়েছে। অভিযোগ উঠেছে, ৫০ থেকে ৭৫ টাকা ঘনফুট দরের বালু সরকারি নিলাম ডাকে মাত্র দুই টাকা ফুট দরে বিক্রি করা হয়। এতে সরকারের অন্তত ১৩ কোটি টাকা গচ্ছা গেছে। এমন ঘটনায় সিলেট জুড়ে তোলপাড় চলছে। আজ রোববার বালুর ক্রেতাকে ওয়ার্ক অর্ডার দেওয়ার কথা।
অভিযোগ উঠেছে, একটি সিন্ডিকেটের প্রভাবে একতরফা বালুর বাজারদরের সঙ্গে আকাশ-পাতাল ব্যবধান রেখে নিলাম ডাক সম্পন্ন করা হয়। দুই টাকা ফুট দরে বালু কিনেছেন কয়েস আহমদ নামের একজন। তিনি সিলেট জেলা যুবদলের যুগ্ম সম্পাদক। নিলামে যুক্ত কর্মকর্তাদের সঙ্গে সিন্ডিকেটের একটি অংশের যোগাসাজশে বালুর দর দুই টাকায় নামিয়ে নিলাম সম্পন্ন করা হয়।
সরকারি নিলামের অনলাইন বিজ্ঞপ্তিতে জানা গেছে, সিলেটের জৈন্তাপুর, গোয়াইনঘাট ও জকিগঞ্জ, কানাইঘাট ও কোম্পানীগঞ্জ উপজেলার বালুমহাল বহির্ভূত এলাকা থেকে জব্দ করা বালুসহ বিভিন্ন পণ্যের প্রকাশ্য নিলাম ডাক সম্পন্ন হয় ১৯ নভেম্বর। এর মধ্যে ১০ লাখ ৪৯ হাজার ৯৯৬ ঘনফুট ও ১১ লাখ ৭৮ হাজার ৯৯৯ ঘনফুট বালুর নিলাম ডাক হয়। বালুর বর্তমান বাজারদর অনুযায়ী প্রায় ১৩ কোটি টাকার বালুর নিলাম ডাকে অংশ নেওয়ার কথা ছিল ৯ জন ব্যবসায়ীর। কিন্তু নিলাম ডাকের সময় অনুপস্থিত থাকেন আটজন। অংশ নেন কেবল কয়েস আহমদ নামের একজন।
সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, নিলাম ডাকের প্রথম বিজ্ঞপ্তি অনুযায়ী বালুর দর প্রতি ফুট সাড়ে ৯ টাকা ডাক উঠেছিল। বাজারদরের সঙ্গে অসামঞ্জস্য থাকায় তখন দাম বাড়াতে দ্বিতীয় দফা নিলাম ডাক আহ্বান করা হয়।
গত ২২ অক্টোবর সেই নিলাম ডাকের নথি থেকে জানা গেছে, ৯ জন ব্যবসায়ী অংশ নেন। সর্বোচ্চ দর ছিল সাড়ে ৯ টাকা। বাকিরা কোনো দর হাঁকাননি। দ্বিতীয় দফায় এসে দর নামে ৭ টাকা ৬০ পয়সা। সর্বশেষ দুই টাকা ৬৮ পয়সা। নিলাম ডাক সংশ্লিষ্টরা বলেছেন, বালু ৩৮ লাখ টাকায় বিক্রি করে নিলাম ডাকের মধ্যে সরকারের প্রায় ১৩ কোটি টাকা গচ্চা গেছে।
এ বিষয়ে নিলাম কমিটির সংশ্লিষ্ট কর্মকর্তা (নাজির) ফাইজুল ইসলাম গতকাল শনিবার অফিস বন্ধ থাকায় গণমাধ্যমে এ সংক্রান্ত কোনো তথ্য দিতে অপরাগত প্রকাশ করেন।
এ বিষয়ে এমদাদ হোসেন ভুইয়া নামের এক ব্যক্তি দুদক সমন্বিত জেলা কার্যালয় বরাবরে একটি স্মারকলিপি দিয়েছেন।




