রাজা ম্যানশনের সামনে অবৈধ পার্কিং থাকায় সভাপতিকে জরিমানা
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৪ নভেম্বর ২০২৫, ৭:২৩:০৫ অপরাহ্ন
সিলেট নগরের বিপনী বিতান রাজা ম্যানশনের সামনে অবৈধভাবে গাড়ি পার্কিং থাকায় মার্কেটের সভাপতিকে জরিমানা করা হয়েছে। সোমবার দুপুরে সিলেট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল আলমের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। এসময় ৫ হাজার টাকা জরিমানা আদায় করে তাকে ছেড়ে দেওয়া হয়।
জানা যায়, ফুটপাত দখল ও সড়কে অবৈধ পার্কিংয়ে প্রতিদিনই অভিযান দিচ্ছে সিলেট জেলা প্রশাসন। বিভিন্ন সময়ে অবৈধ পার্কিংয়ের জন্য অভিযানে জরিমানা আদায় এবং বিভিন্ন মার্কেট কর্তৃপক্ষকে সতর্ক করা হয়েছে। সোমবার দুপুরে অভিযানের এক পর্যায়ে নগরীর জিন্দবাজারের রাজা ম্যানশনের সামনে অবৈধ পার্কিংয়ের কারণে মার্কেট কর্তৃপক্ষকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। তাৎক্ষনিক জরিমানা আদায় করতে না পারায় মার্কেটের ব্যবসায়ী সমিতির সভাপতি ডি ডি রুমুকে জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়ে যাওয়া হয় এবং সেখানে জরিমানা দেওয়ার পর তাকে ছেড়ে দেওয়া হয়েছে।
এর পরপরই রাজা ম্যানশনের সামনে ‘নো পার্কিং’ সাইন বোর্ড লাগানো হয়েছে।
এ ছাড়াও এদিন নগরীর জিন্দবাজার এলাকার কাজি ম্যানশনসহ প্রতিটি মার্কেট এবং বিপনীবিতান কর্তৃপক্ষকে ফুটপাত ও রাস্তায় অবৈধ পার্কিংয়ের ব্যাপারে সতর্ক করে দেওয়া হয়েছে।
উল্লেখ্য, নগরীর রাজা ম্যানশনসহ জিন্দাবাজার এলাকার প্রায় প্রতিটি মার্কেট ও বিপণীবিতানের সমানের রাস্তা ও ফুটপাতে অবৈধভাবে মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশাসহ অন্যান্য যানবাহন পার্কিং করে রাখা হয় ঘন্টার পর ঘন্টা। এর আগে একাধিকবার এ ব্যাপারে সতর্ক করা হলেও মার্কেট কর্তৃপক্ষ এ ব্যাপারে উদাসীন। এ কারণে নগরবাসীকে অসহনীয় যানজটে পড়তে হচ্ছিল। বিভিন্ন সময়ে অবৈধভাবে পার্কিং করে রাখা মোটরসাইকেলে হেলমেট নিয়ে গেলেও সড়কে পার্কিং কমে নি। যার কারণে এখন মার্কেট কর্তৃপক্ষকে জরিমানার আওতায় আনে জেলা প্রশাসন।




