মাধবপুরে দু’ গ্রামবাসীর সংঘর্ষ, সহস্রাধিক আসামী করে মামলা, গ্রেফতার ২১
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০২ ডিসেম্বর ২০২৫, ৪:৪৮:১৪ অপরাহ্ন
মাধবপুর (হবিগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা: মাধবপুর উপজেলার নোয়াপাড়া বাজারে দুই গ্রামবাসীর সংঘর্ষ চলাকালে ওসিসহ ১১ পুলিশ আহত হওয়ার ঘটনায় থানায় পুলিশ অ্যাসল্ট মামলা হয়েছে। মাধবপুর থানার এসআই পাভেল আহম্মেদ বাদি হয়ে ৭৪ জনের নাম উল্লেখপূর্বক অজ্ঞাত আরো ১ হাজার জনকে আসামি করে এ মামলা দায়ের করেন। গতকাল সোমবার ভোরে নোয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে পুলিশ ২১ জনকে গ্রেফতার করেছে। এ খবরে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ইতিমধ্যে গ্রেফতার এড়াতে পুরুষশূন্য হয়ে পড়েছে গ্রাম।
এদিকে, গতকাল সোমবার বিকেলে ধৃতদের হবিগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে। মাধবপুর থানার পরিদর্শক (তদন্ত) মোঃ কবির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, গত রোববার দুপুরে উপজেলার নোয়াপাড়া বাজারে ব্যাঙ্গা ডোবা ও ইটাখোলা গ্রামবাসীর মধ্যে কয়েক ঘণ্টাব্যাপী ধাওয়া পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে মাধবপুর থানার ওসি মোহাম্মদ সহিদ উল্যাসহ ১১ জন পুলিশ সদস্য এবং উভয় পক্ষের অর্ধশতাধিক আহত হন। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৮ রাউন্ড টিয়ার সেল নিক্ষেপ করে। খবর পেয়ে শাহজীবাজার সেনা ক্যাম্প থেকে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়।




