শ্রীমঙ্গলে মার্কেটে অগ্নিকাণ্ডে ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৯ ডিসেম্বর ২০২৫, ১২:৪০:১৩ অপরাহ্ন
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) থেকে নিজস্ব সংবাদদাতা : শ্রীমঙ্গল উপজেলা শহরের একটি ব্যস্ততম মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কসমেটিকস ও কাপড়সহ বিভিন্ন পণ্য পুড়ে ২০ থেকে ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
গত বুধবার রাত সাড়ে ৯টার দিকে শ্রীমঙ্গল শহরের ব্যস্ততম এলাকা হবিগঞ্জ রোড সংলগ্ন সৈয়দ ফসিউর রহমান মার্কেটে আগুন লাগে। খবর পেয়ে শ্রীমঙ্গল ও মৌলভীবাজার ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় ঢাকা সিলেট মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়। মার্কেটের ব্যবসায়ীরা জানিয়েছেন, আগুনে ২০/৩০ লাখ টাকা মূল্যের সামগ্রী পুড়ে গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণ ও সার্বিক তদারকিতে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিন, শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হাজী কামাল হোসেন ও পুলিশ, সেনাবাহিনীর সদস্যরা।
শ্রীমঙ্গল ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর মো. সোলায়মান আহমদ জানান, শ্রীমঙ্গলের ২টি ও মৌলভীবাজার ২টি ইউনিট দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে মার্কেটে ধোঁয়া বের হওয়ার পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় ৫-৭ জন ফায়ার ফাইটার ধোঁয়ায় আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েন। প্রাথমিকভাবে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে এবং বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিন বলেন, আগুনে ৩টি দোকানে তুলনামুলক বেশি ক্ষয়ক্ষতি হয়েছে।’




