বিএনপি-জমিয়তের নির্বাচনী সমঝোতা
জমিয়তের জন্য চারটি আসন ছেড়ে দিলো বিএনপি
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৩ ডিসেম্বর ২০২৫, ৮:৩৭:১৩ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সঙ্গে চারটি আসনে নির্বাচনী সমঝোতার ঘোষণা দিয়েছে বিএনপি। এসব আসনে জমিয়তর প্রার্থীরা তাদের দলীয় ‘খেজুর গাছ’ প্রতীকে নির্বাচন করবেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব আসনে বিএপির নেতাকর্মী-সমর্থকদের খেজুর গাছ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে চারটি আসনে নির্বাচনী সমঝোতার কথা জানিয়ে এ আহ্বান জানান।
বিএনপির সঙ্গে জমিয়তের সমঝোতা হওয়া আসনগুলো হলো— নীলফামারী-১ (মাওলানা মো. মনজুরুল ইসলাম আফেন্দী), নারায়ণগঞ্জ-৪ (মুফতি মনির হোসাইন কাসেমী), সিলেট-৫ (মাওলানা মো. উবায়দুল্লাহ ফারুক) এবং ব্রাহ্মণবাড়িয়া-২ (মাওলানা জুনায়েদ আল হাবীব)।
এই চারটি আসনে বিএনপি কোনো প্রার্থী দেবে না এবং জমিয়তের প্রার্থীরা তাদের নিজস্ব প্রতীক ‘খেজুর গাছ’ নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
মির্জা ফখরুল বলেন, ‘সমঝোতা অনুযায়ী জমিয়তে উলামায়ে ইসলাম অন্য কোনো আসনে প্রার্থী দেবে না। আমাদের সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি আহ্বান থাকবে, তারা যেন ওই আসনগুলোতে খেজুর গাছ মার্কার প্রার্থীদের বিজয়ী করতে পূর্ণ সহযোগিতা করেন। খেজুর গাছকে বিজয়ী করার মাধ্যমেই ধানের শীষের শক্তি বৃদ্ধি পাবে।’
নির্বাচনী শৃঙ্খলা বজায় রাখার বিষয়ে কঠোর হুঁশিয়ারি দিয়ে মির্জা ফখরুল বলেন, বিএনপির ঘোষিত প্রার্থীদের বাইরে কেউ যদি বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে দাঁড়ায়, তবে দল তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেবে। দলীয় প্রার্থী বদলের এখন আর কোনো সুযোগ নেই।
সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদসহ জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মাওলানা মো. উবায়দুল্লাহ ফারুক, মহাসচিব মাওলানা মো. মনজুরুল ইসলাম আফেন্দী এবং উভয় দলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।




