শ্রীমঙ্গলে ভাবগাম্ভীর্যের সাথে বড়দিন উদযাপিত
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৬ ডিসেম্বর ২০২৫, ৭:৫২:৫২ অপরাহ্ন
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) থেকে নিজস্ব সংবাদদাতা : ধর্মীয় উৎসাহ-উদ্দীপনা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মৌলভীবাজার জেলার সাতটি উপজেলায় খ্রিস্টান সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব বড়দিন উদযাপিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল থেকে জেলার বিভিন্ন উপজেলা শহর, চা-বাগান পুঞ্জি, খ্রিস্টান মিশন ও গির্জাগুলোতে প্রার্থনা, ধর্মীয় সংগীত এবং নানা আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে বড়দিনের আনুষ্ঠানিকতা শুরু হয়।
সকাল সাড়ে ১১টায় শ্রীমঙ্গল উপজেলা শহরের খ্রিস্টান মিশনে প্রার্থনার মাধ্যমে খ্রিস্ট ধর্মীয় উপাসনা অনুষ্ঠিত হয়। এতে শ্রীমঙ্গল ধর্মপল্লীর আওতাধীন ৭৫টি চা-বাগান ও পুঞ্জি থেকে প্রায় সহস্রাধিক খ্রিস্টান ভক্ত অংশ নেন।
এ সময় আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ খ্রিস্টান মিশনে উপস্থিত হয়ে ফুল দিয়ে বড়দিনের শুভেচ্ছা জানান।
অনুষ্ঠানে খ্রিস্টান মিশনের ফাদার ড. জেমস শ্যামল গমেজ যিশুখ্রিস্টের জীবন ও আদর্শ তুলে ধরেন। তিনি বড়দিনের তাৎপর্য স্মরণ করে যিশুখ্রিস্টের আদর্শ অনুসরণে হিংসা-বিদ্বেষমুক্ত, শান্তিপূর্ণ সমাজ গড়ার আহ্বান জানান। পরে ভক্তদের অংশগ্রহণে পরিবেশিত হয় বিশেষ ধর্মীয় নৃত্য।




