ওসমানীনগরে দু’পক্ষের সংঘর্ষে যুবক নিহত, আহত ১০
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১২ জানুয়ারি ২০২৬, ৯:০৯:৩২ অপরাহ্ন
ওসমানীনগর (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা : ওসমানীনগরে পূর্ব শত্রুতার জেরে দুই পক্ষের সংঘর্ষে শাহজাহান মিয়া সৌরভ (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এসময় উভয় পক্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন।
নিহত সৌরভ উপজেলার বুরুঙ্গা ইউনিয়নের উত্তর তিলাপাড়া গ্রামের আব্দুল আজিজের ছেলে। আহতরা হলেন- আল আমিন, শাহান, সাকিল, জিগির, সুপান, আব্দুল আজিজ। তবে অন্য আহতদের পরিচয় পাওয়া যায়নি। আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার মধ্যে শাকিল আহমদ নামের একজনের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে। শনিবার বিকেল ৫টার দিকে উত্তর তিলাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, উপজেলার বুরুঙ্গা ইউনিয়নের উত্তর তিলাপাড়া গ্রামের বাসিন্দা বারিক উদ্দিন (৬৫) ও আব্দুল আজিজ (৫৫)-এর পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ নিয়ে একাধিকবার উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ও মারামারির ঘটনা ঘটে। শনিবার বিকেল ৫টার দিকে শাহজাহান মিয়া সৌরভ সিলেট শহর থেকে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষ তার ওপর হামলা করে।
বিষয়টি জানাজানি হলে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষে সৌরভের শ্বাসনালীতে ধারালো অস্ত্রের আঘাত লাগলে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওইদিন সন্ধ্যার পরে তিনি মারা যান। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছালে পরিস্থিতি শান্ত হয়।
নিহতের চাচা মিজানুর রহমান জানান, পূর্ব শত্রুতার জের ধরে অতর্কিত সন্ত্রাসী হামলা করে আমার ভাতিজাকে হত্যা করা হয়েছে।
ওসমানীনগর থানার ওসি মো. মুর্শেদুল আলম ভূইয়া বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রক্রিয়া চলছে।




