সিলেট-১ আসনে পিতার পদাঙ্ক অনুসরণ করে এমপি হলেন পুত্র মুক্তাদির
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ২:৫৮:৪৭ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: সিলেট-১ আসনে ১৭৫৯৩৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর মাওলানা হাবিবুর রহমান পেয়েছেন-১৩৪৯৮৩ ভোট। সিলেটের জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো: সারওয়ার আলম গতরাতে বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন। পিতা খন্দকার আব্দুল মালিকের পদাঙ্ক অনুসরণ করে পুত্র খন্দকার আব্দুল মুক্তাদির এমপি হলেন এ আসনের।
এক প্রতিক্রিয়ায় খন্দকার আব্দুল মুক্তাদির এ ফলাফলের জন্য আল্লাহর শুকরিয়া আদায় করেন। এ নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রের মালিকানা প্রতিষ্ঠিত হয়েছে বলে জানান তিনি।
সিলেট সিটি কর্পোরেশন ও সিলেট সদর উপজেলা নিয়ে গঠিত সিলেট-১ আসনে স্বাধীনতার পর থেকেই যে প্রার্থী বিজয়ী হন, তার দল সরকার গঠন করে-এমন রীতি চলে আসছে। এ আসনেই ৩৬০ আউলিয়ার অন্যতম হযরত শাহজালাল (র.) ও হযরত শাহপরান (র.) শায়িত রয়েছেন। দেশের প্রধান রাজনৈতিক দলগুলো দুই ওলির মাজার জিয়ারত ও ফাতেহা পাঠের মধ্য দিয়ে তাদের নির্বাচনী কার্যক্রম শুরু করে।
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এবারও সিলেট থেকে মাজার জিয়ারতের মাধ্যমে তাঁর নির্বাচনী কার্যক্রম শুরু করেন। এ আসনে বিএনপি’র প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির ২০১৮ সালের জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। এবার তিনি এ আসনে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হলেন।
খন্দকার মুক্তাদির ‘আকাক্সক্ষার সিলেট’ নামে ১১ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। বিএনপি ক্ষমতায় গেলে সিলেটে নতুন শিল্প স্থাপনের পাশাপাশি তরুণদের তথ্য প্রযুক্তি বিষয়ে প্রশিক্ষণ প্রদানসহ বৃত্তিমূলক শিক্ষাকে উৎসাহিত করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।




