মসজিদের খতিব থেকে সংসদ সদস্য মুফতি আবুল হাসান
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ৩:২০:৫৯ অপরাহ্ন
আল হাছিব তাপাদার, জকিগঞ্জ : ধর্মীয় অঙ্গনের পরিচিত মুখ, জকিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি আবুল হাসান সিলেট-৫ (জকিগঞ্জ ও কানাইঘাট) আসনের সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। ঘোষিত ফলাফল অনুযায়ী-তার প্রাপ্ত ভোট-৭৯৩৫৫। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জমিয়তে উলামায়ে ইসলামের খেজুর গাছের প্রার্থী মাওলানা উবায়দুল্লাহ ফারুক পেয়েছেন-৬৯৭৭৪। স্বতন্ত্র প্রার্থী মামুনুর রশীদ পেয়েছেন ৫৭২৫১ ভোট।
মুফতি আবুল হাসান দীর্ঘদিন ধরে জকিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। পাশাপাশি তিনি জকিগঞ্জের জামিয়া ইসলামিয়া দারুসসুন্নাহ মোহাম্মদিয়া লামারগ্রাম মাদ্রাসায় শিক্ষকতা করছেন। একজন ইসলামী বক্তা হিসেবে সিলেটজুড়ে তাঁর ব্যাপক সুনাম রয়েছে। ধর্মীয় নেতৃত্বের পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডেও তাঁর সম্পৃক্ততা রয়েছে।
ধর্মীয় মঞ্চ থেকে জাতীয় সংসদের পথে মুফতি আবুল হাসানের এই অগ্রযাত্রা এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। প্রাথমিক ফলাফলের খবর ছড়িয়ে পড়তেই বিভিন্ন স্থানে তাঁর কর্মী-সমর্থকদের আনন্দ মিছিল করতে দেখা গেছে।




