সিলেট সদরে ধান ও চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন: লক্ষ্যমাত্রা ৯৭২০ মেট্রিক টন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৪ মে ২০২৬, ২:২৫:২১ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : সিলেট সদর উপজেলায় সরকারিভাবে অভ্যন্তরীণ ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার (৪ মে) খাদিমনগর এলএসডি (খাদ্য গুদাম) প্রাঙ্গণে এই কার্যক্রমের উদ্বোধন করেন সিলেট সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খোশনূর রুবাইয়াৎ।
উপজেলা খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে সদর উপজেলায় ধান ও চাল সংগ্রহের মোট লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৯,৭২০ মেট্রিক টন। এর মধ্যে ধান ৬৯৩ মেট্রিক টন। সিদ্ধ চাল ৬৬৩৭ মেট্রিক টন। আতপ চাল ২৩৯০ মেট্রিক টন। এই সংগ্রহ অভিযান গত ৩ মে থেকে শুরু হয়েছে এবং আগামী ৩১ আগস্ট ২০২৬ পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে চলবে।
সিলেট সদর উপজেলা খাদ্য কর্মকর্তা মোহাম্মদ সাখাওয়াত হোসেন জানান, সরকার নির্ধারিত নিয়মে সরাসরি প্রান্তিক কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ করা হচ্ছে। উদ্বোধনী দিনেই কান্দিগাঁও ইউনিয়নের কৃষক মনির মিয়া ৩ টন ধান সরকারি গুদামে বিক্রি করেন। ন্যায্যমূল্যে সরাসরি সরকারের কাছে ধান বিক্রি করতে পেরে খুশি মনির মিয়া। তিনি আরো জানান, সরকারি লাইসেন্সকৃত বৈধ মিলারদের কাছ থেকে চুক্তি অনুযায়ী সিদ্ধ ও আতপ চাল সংগ্রহ করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা খাদ্য কর্মকর্তা মোহাম্মদ সাখাওয়াত হোসেনসহ অন্যান্য কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা শওকত জামিল, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবুল মনসুর আসজাদ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শরীফ মোঃ নেয়ামত উল্লাহ, খাদিমনগর এলএসডির ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুবুর রহমান প্রমুখ।
উদ্বোধনকালে উপজেলা নির্বাহী অফিসার জানান, প্রকৃত কৃষকরা যাতে কোনো ধরনের হয়রানি ছাড়া গুদামে ধান দিতে পারেন, সেটি নিশ্চিত করা হবে। ধান ও চালের গুণগত মান বজায় রেখে লক্ষ্যমাত্রা অর্জনে সংশ্লিষ্ট সকলকে নিষ্ঠার সাথে কাজ করার নির্দেশ দেন তিনি।



