দিরাইয়ে এমপি নাছির চৌধুরীর পত্নীর ৩৮ সেকেন্ডের ভিডিও ভাইরাল
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১০ মে ২০২৬, ৯:৩৭:১৬ অপরাহ্ন
দিরাই (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা : সুনামগঞ্জ ২ দিরাই শাল্লা আসনের সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরীর পত্নী পারভিন আক্তারের ৩৮ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। গত শনিবার ৯( মে) ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। বিরূপ মন্তব্য করছেন নেটিজেনরা।
ভিডিওতে নাছির উদ্দিন চৌধুরীর ২য় স্ত্রী পারভীন আকতার শাল্লা উপজেলায় স্থানীয় নেতাকর্মীদের উদ্দেশ্য করে বলতে শোনা যায়, ‘আগামী জুনে আমাদের বাজেট আসবে, সবাই সাবলম্বী হবে, কেউ বেকার থাকবে না। নাছির উদ্দিন চৌধুরী বলছে- আমার ছেলেরা ১৭ বছর কিছুই পায়নি। আগামী জুনে বরাদ্দ আসবে সবাই সাবলম্বী হবে।
তিনি বলেন, কাউকে আমি তিনটা কাজ দেবনা, একটা কাজ দেব- তার সাথে আরও ৪ জন থাকবে। এসময় তার সাথে থাকা হাসি জব্বার নামের নাছির চৌধুরীর এক নারী কর্মী বলেন, তারেক রহমান নিজে নাছির চৌধুরীকে বাবার চেয়েও উপরের সম্মানে রেখেছেন।
ভিডিওটি ভাইরাল হলে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে।




