কোছাপের ছাত্রকল্যাণ শিক্ষা তহবিল ট্রাস্ট থেকে মেধাবী শিক্ষার্থীকে ১০ হাজার টাকা আর্থিক সহায়তা
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৮ জুলাই ২০২৬, ১০:১৪:৪০ অপরাহ্ন
কোম্পানীগঞ্জ থেকে সংবাদদাতা : মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের শিক্ষাজীবন এগিয়ে নিতে কোম্পানীগঞ্জ ছাত্র পরিষদের (কোছাপ) ছাত্রকল্যাণ শিক্ষা তহবিল ট্রাস্ট থেকে এক মেধাবী শিক্ষার্থীকে ১০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। গতকাল বুধবার বিকেলে উপজেলার থানা সদর বালিকা বিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীর হাতে এ সহায়তার অর্থ তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষা একটি জাতির উন্নয়নের প্রধান ভিত্তি। আর্থিক সংকট যেন কোনো মেধাবী শিক্ষার্থীর স্বপ্ন পূরণের পথে বাধা হয়ে না দাঁড়ায়, সে লক্ষ্যেই কোম্পানীগঞ্জ ছাত্র পরিষদ (কোছাপ)-এর ছাত্র কল্যাণ শিক্ষা তহবিল ট্রাস্ট নিয়মিতভাবে শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও শিক্ষাবান্ধব কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কোম্পানীগঞ্জ ছাত্র কল্যাণ ট্রাস্টের সভাপতি মোহাম্মদ রবিন মিয়া, সদস্য সচিব হেলাল আহমেদ, কোম্পানীগঞ্জ ছাত্র পরিষদের (কোছাপ) সাধারণ সম্পাদক মো. মারজান উদ্দিন, প্রচার সম্পাদক লবীব আহমদ, সহ-কোষাধ্যক্ষ জাফর রানা, সহ-ক্রীড়া সম্পাদক শাহিন আলম, ১নং পশ্চিম ইসলামপুর ইউনিয়ন ছাত্র পরিষদের সহ-সভাপতি আব্দুল বাছির, সাধারণ সম্পাদক ইলিয়াস আহমেদসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা আরও বলেন, সমাজের সামর্থ্যবান ব্যক্তি ও প্রতিষ্ঠানের সহযোগিতা পেলে আরও বেশি মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীর পাশে দাঁড়ানো সম্ভব হবে। সেই লক্ষ্য বাস্তবায়নে কোম্পানীগঞ্জ ছাত্র পরিষদ (কোছাপ) ভবিষ্যতেও ছাত্র কল্যাণ শিক্ষা তহবিল ট্রাস্টের মাধ্যমে শিক্ষা সহায়তা কার্যক্রম অব্যাহত রাখবে।



