সিলেট সরকারি আলিয়া মাদ্রাসার ফাজিল শিক্ষার্থীদের নবীন বরণ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৫ জুলাই ২০২৬, ১২:১০:০১ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেট সরকারি আলিয়া মাদ্রাসার ফাজিল স্নাতক (সম্মান) প্রথম বর্ষ ২০২৫-২০২৬ সেশনের শিক্ষার্থীদের নবীন বরণ ও ইসলামী আরবী বিশ্ববিদ্যালয় কর্তৃক শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান সম্মাননা অনুষ্ঠান গতকাল মঙ্গলবার সম্পন্ন হয়েছে।
এ উপলক্ষে মাদ্রাসা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ প্রফেসর মুহাম্মদ মাহমুদুল হাসান বলেছেন, মাদ্রাসা শিক্ষার্থীদের কাছে জাতির প্রত্যাশা অনেক। এজন্য নিজেদেরকে যোগ্য করে গড়ে তুলতে হবে। কেবল একাডেমিক জ্ঞানই নয়, নৈতিকতা ও আদর্শে পরিপূর্ণ হয়ে পরিবার, সমাজ তথা রাষ্ট্রের কল্যাণে কাজ করতে হবে। ফাজিল (স্নাতক) পর্যায়ে শিক্ষা শিক্ষার্থীদের জন্য নতুন দিগন্ত উন্মোচন করবে বলেও উল্লেখ করেন তিনি।
প্রধান অতিথি আরো বলেন, ঐতিহ্যবাহী সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা সিলেট অঞ্চলে শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। মাদ্রাসার একাডেমিক কার্যক্রমসহ সার্বিক কর্মকান্ডের স্বীকৃতি হিসেবে ইসলামী আরবী বিশ্ববিদ্যালয় কর্তৃক শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ করেছে। এটি সিলেট সরকারি আলিয়া মাদ্রাসার অনন্য অর্জন বলে আখ্যায়িত করেন তিনি। এই শ্রেষ্ঠত্ব ধরে রাখতে ছাত্র-ছাত্রী, শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্ব আরোপ করেন প্রফেসর মাহমুদুল হাসান।
সিলেট সরকারি আলিয়া মাদ্রাসার শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ও সহযোগী অধ্যাপক মো. ফজলুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও সহযোগী অধ্যাপক ড. মো. বায়েজীদ আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইংরেজি বিভাগের অধ্যাপক মো. মিজানুর রহমান।
বিশেষ অতিথির বক্তব্যে অধ্যাপক মো. মিজানুর রহমান বলেন, মাদ্রাসা শিক্ষার্থীদের পিছিয়ে থাকার সময় নেই। সকল চ্যালেঞ্জের মোকাবেলা করতে হলে প্রয়োজন লেখা-পড়ার প্রতি আরো বেশী মনোনিবেশ করার আহবান জানান তিনি।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সহযোগী অধ্যাপক শাহ শহীদুল ইসলাম, সহযোগী অধ্যাপক জেসমিন আক্তার, সহকারী অধ্যাপক মো. রফিকুল হক, আনোয়ার হোসেন, মো. শামসুল কিবরিয়া চৌধুরী, সিনিয়র শিক্ষক মো. মামুন রশীদ মুর্ত্তুযা, সাবেক জিএস আব্দুল গফ্ফার প্রমুখ। নবীন শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন ফখরুল ইসলাম ও কাওছার আহমদ।



