লিডিং ইউনিভার্সিটির সিন্ডিকেট সভা
শিক্ষার্থীদের কল্যাণ আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার : দানবীর ড. রাগীব আলী
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৯ ডিসেম্বর ২০২৫, ১২:৩০:৩৯ অপরাহ্ন
ডাক ডেস্ক : লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান, দেশবরেণ্য সমাজসেবক ও শিক্ষানুরাগী দানবীর ড. রাগীব আলী বলেছেন, লিডিং ইউনিভার্সিটি সব সময় শিক্ষার্থীদের কল্যাণের বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকে। আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলায় শিক্ষার্থীদের মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করতে লিডিং ইউনিভার্সিটি প্রতিশ্রুতিবদ্ধ। লিডিং ইউনিভার্সিটির ৭৪তম সিন্ডিকেট সভায় তিনি উপরোক্ত কথা বলেন।
গতকাল বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের বোর্ডরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন।
সভায় লিডিং ইউনিভার্সিটির ৩৭তম একাডেমিক কাউন্সিল সভায় অনুমোদিত আগামী ২০২৬ সালের ৩ জানুয়ারি অনুষ্ঠিতব্য ৪র্থ সমাবর্তনে অংশগ্রহণকারী স্প্রিং সেমিস্টার ২০১৮ থেকে ফল সেমিস্টার ২০২৪ পর্যন্ত শিক্ষার্থীদের তালিকা অনুমোদন, শিক্ষার মানোন্নয়নসহ গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।
বিশ^বিদ্যালয়কে জ্ঞান অর্জন ও চর্চার স্থান হিসেবে উল্লেখ করে মানবতার কল্যাণে নিবেদিত রাগীব রাবেয়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, অসংখ্য শিক্ষা ও সেবামূলক প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান দানবীর ড. রাগীব আলী বলেন, লিডিং ইউনিভার্সিটিতে দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক, আধুনিক ক্লাস রুম, উন্নত শিক্ষা উপকরণ, দৃষ্টিনন্দন ক্যাম্পাস, বিস্তৃত পরিবহন ব্যবস্থাসহ শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করা হয়েছে। এখানে প্রতিটি শিক্ষার্থী নিজের মেধাবিকাশের সব ধরনের সুযোগ পায়। এখানে শিক্ষার্থীরা জ্ঞান অর্জনের পাশাপাশি নতুন জ্ঞান সৃষ্টির মাধ্যমে দেশ ও জাতিকে এগিয়ে নিবেন এবং বিশ^কে তাদের জ্ঞানের আলোয় উদ্ভাসিত করবেন বলে আমাদের প্রত্যাশা।
সভায় উপস্থিত ছিলেন, বাংলাদেশ সরকার কর্তৃক মনোনীত সদস্য মোছা. রোখছানা বেগম, লিডিং ইউনিভার্সিটির একাডেমিক কাউন্সিল মনোনীত সদস্য প্রফেসর ড. এম. আর. কবির, বোর্ড অব ট্রাস্টিজের মনোনীত সদস্য আব্দুল হাই, প্রফেসর ড. এ এন এম মেশকাত উদ্দিন, দেওয়ান সাকিব আহমেদ, উপাচার্য মনোনীত সদস্য লিডিং ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. বশির আহমেদ ভুঁইয়া, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান কাজী মো. জাহিদ হাসান, আমন্ত্রিত সদস্য পরিচালক অর্থ ও হিসাব মোহাম্মদ কবির আহমেদ এবং সিন্ডিকেট সদস্য সচিব লিডিং ইউনিভার্সিটির রেজিস্ট্রার মো. মফিজুল ইসলাম।



