গোয়াইনঘাটে বিএনপির কর্মি সভা
হাকিম চৌধুরীসহ এলাকার আপামর জনতাকে নিয়ে উন্নয়নের অভিযাত্রা শুরু করবো : আরিফ চৌধুরী
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৪ ডিসেম্বর ২০২৫, ১:৩৬:১৭ অপরাহ্ন
ডাক ডেস্ক: বিএনপি মনোনীত সিলেট-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, সিলেটবাসীসহ পুরো দেশ আজ আগামীর রাষ্ট্রনায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বরণ করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। আগামী ২৫ ডিসেম্বর তাঁর বাংলাদেশে পদার্পণের মধ্য দিয়ে দেশের সার্বিক চিত্র বদলে যাবে। তারেক রহমানের প্রত্যাবর্তন শুধুমাত্র একজন নেতার দেশে ফেরা নয়, বরং এটি গণতন্ত্র উদ্ধার আন্দোলনের জন্য এবং বাংলাদেশকে আবারো উন্নয়নের পথে নিয়ে আসার ক্ষেত্রে একটি নতুন মাইলফলক হবে।
গতকাল মঙ্গলবার গোয়াইনঘাট উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে বিশাল কর্মি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গোয়াইনঘাট উপজেলার শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত কর্মিসভায় গোয়াইনঘাট উপজেলা বিএনপির সভাপতি মাহবুব আলম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিনের পরিচালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলার সাবেক চেয়ারম্যান ও সিলেট জেলা বিএনপির সাবেক সহ সভাপতি আব্দুল হাকিম চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি সাদিকুর রহমান সাদিক, সিলেট জেলা বিএনপির উপদেষ্টা আব্দুস শুকুর, তাঁতীদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সম্পাদক ফয়েজ আহমদ দৌলত, বিএনপি নেতা সামছুউদ্দিন আল আজাদ।
প্রধান অতিথির বক্তব্যে আরিফুল হক চৌধুরী আরও বলেন, সিলেট-৪ আসনের বিএনপি এখন অতীতের যেকোন সময়ের চেয়ে সবচেয়ে বেশি ঐক্যবদ্ধ। হাকিম চৌধুরীসহ এই এলাকার আপামর মানুষকে সাথে নিয়ে আমি নতুন এক উন্নয়ন অভিযাত্রা শুরু করব। এই জনপদগুলো কতটা অবহেলিত, উন্নয়ন থেকে বঞ্চিত, আমি নিজ চোখে না দেখলে বিশ্বাস হতো না। যদি বিএনপি সরকার গঠন করে, আপনারা আমাকে বিজয়ী করেন ইনশাআল্লাহ একবছরের মধ্যে পরিবর্তনের দৃশ্য দেখতে পারবেন। এসময় আরিফুল হক চৌধুরী তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে এলাকার সবার কাছে দোয়া চান।
প্রধান বক্তার বক্তব্যে গোয়াইনঘাট উপজেলার সাবেক চেয়ারম্যান ও সিলেট জেলা বিএনপির সাবেক সহ সভাপতি আব্দুল হাকিম চৌধুরী বলেন, আল্লাহপাক নিশ্চয়ই ভালোর জন্য আমাকে এমপি প্রার্থী হতে সরিয়ে রেখেছেন। কেন্দ্রীয় নেতৃবৃন্দ, এলাকার সভাপতি, সেক্রেটারিদের এবং আমার দলের মুরুব্বীদের মতামত নিয়ে সভার আয়োজন করেছেন উল্লেখ করে হাকিম চৌধুরী বলেন, সবার সমর্থনে দলের প্রতি আনুগত্য রেখে ধানের শীষের জন্য আমরা একযোগে কাজ করব।
তিনি আরো বলেন, আমি এবং আমার দলের লক্ষ্য এক। সিলেট-৪ আসনের মানুষের উন্নয়ন-দেশের উন্নয়ন। সেই লক্ষ্য বাস্তবায়নে আরিফুল হক চৌধুরী একজন পরীক্ষিত ব্যক্তিত্ব। সিলেট-৪ আসনের তিনটি উপজেলার মানুষের উন্নয়নই আরিফুল হক চৌধুরীর ধ্যানজ্ঞান। তার সম্পর্কে নতুন করে বলার কিছু নেই। উন্নয়নের ক্ষেত্রে তিনি অনন্য। আরিফুল হক চৌধুরী ভালো মানুষ-কাজের মানুষ হওয়ার কারণেই দুই-দুইবার বিপুল ভোটে মেয়র নির্বাচিত হয়েছেন।
কর্মী সভায় আরও উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির তাঁতী বিষয়ক সম্পাদক আব্দুল মালেক, মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুস সামাদ তুহেল, ছাত্রদল নেতা এডভোকেট নজরুল ইসলাম, ইমতিয়ার হোসেন আরাফাত, সিলেট জেলা ছাত্রদল’র যুগ্ম সম্পাদক আফজল হোসেন, সিলেট জেলা তাঁতীদলের সদস্য সচিব আলতাফ হোসেন বেলাল।
আরও বক্তব্য রাখেন, গোয়াইনঘাট উপজেলা যুবদল নেতা আরিছ উদ্দিন, সজিব আহমদ, জয়নুউদ্দিন, স্বেচ্ছাসেবকক দল নেতা হাবিব আহমদ, শরিফুল ইসলাম, সাবেক ছাত্রদল নেতা বিলাল আহমদ, ছাত্রদল নেতা জুয়েল রানা, তোফায়েল আহমদ, আবিদুর রহমান, জুবের আহমদ প্রমুখ।




