সিলেট প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সাধারণ সভা
সাংবাদিকতার মর্যাদা অটুট রাখার দৃঢ় প্রত্যয়
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০২ জানুয়ারি ২০২৬, ১০:৫৫:২৪ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেটের শত বছরের সাংবাদিকতার স্মারক প্রতিষ্ঠান সিলেট প্রেসক্লাবের ২০২৪-২৫ সেশনের দ্বি-বার্ষিক সাধারণ সভায় সত্যের পক্ষে অবিচল থাকার, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়ার এবং সাংবাদিকতার মর্যাদা অটুট রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টায় ক্লাবের আমিনূর রশীদ চৌধুরী মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ক্লাব সভাপতি ইকরামুল কবির। এতে সাধারণ সম্পাদকের রিপোর্ট উপস্থাপন করেন মোহাম্মদ সিরাজুল ইসলাম। কোষাধ্যক্ষের রিপোর্ট উপস্থাপন করেন-আনিস রহমান। শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন-পাঠাগার ও প্রকাশনা সম্পাদক কবির আহমদ। গীতা পাঠ করেন-প্রত্যুষ তালুকদার।
সভায় বলা হয়, সিলেট প্রেসক্লাব হচ্ছে সিলেটের সাংবাদিকদের একমাত্র মিলনস্থল। সিলেটের সাংবাদিকদের অধিকার সংরক্ষণ এবং দায়িত্বশীল সাংবাদিকতার বিকাশে এই ক্লাব গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। অপসাংবাদিকতার বিরুদ্ধে এ ক্লাব সদা সোচ্চার। এ ক্লাব সব সময় ইতিবাচক সাংবাদিকতাকে এগিয়ে নিয়ে যেতে চায়। সভায় শুদ্ধ সাংবাদিকতাকে টিকিয়ে রাখতে অপসাংবাদিকতার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়। সভায় যে কোন মূল্যে ক্লাবের ঐক্য ও সম্প্রীতিকে টিকিয়ে রাখার তাগিদ দেয়া হয়।
সভায় বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, পুলিশের গুলিতে নির্মমভাবে নিহত, সিলেট প্রেসক্লাবের সদস্য, দৈনিক নয়াদিগন্ত ও দৈনিক জালালাবাদের স্টাফ রিপোর্টার আবু তাহের মো: তুরাব, শহীদ আবু সাঈদ, জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখভাগের অকুতোভয় যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি, অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলামসহ ক্লাব সদস্যদের স্বজনদের ইন্তেকালে শোক প্রস্তাব উপস্থাপন করা হয়।
সভায় সাধারণ সম্পাদকের রিপোর্টের ওপর আলোচনায় অংশ নেন- দৈনিক জালালাবাদ সম্পাদক মুকতাবিস উন নূর, দৈনিক সিলেট সংলাপ সম্পাদক মুহম্মদ ফয়জুর রহমান,দৈনিক সিলেট মিরর সম্পাদক আহমেদ নূর, ক্লাব সদস্য আমজাদ হোসাইন, আব্দুল কাদের তাপাদার, এম এ হান্নান, কামরুজ্জামান রুনু, সেলিম আউয়াল, মুহিবুর রহমান, চৌধুরী দেলওয়ার হোসেন জিলন, ফয়ছল আলম, এম আহমদ আলী, সোয়েব বাছিত, আশকার ইবনে আমিন লস্কর রাব্বী, নূর আহমদ, আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া, শাকিলা ববি, সাকিব আহমদ মিঠু, মারুফ হাসান, সিন্টু রঞ্জন চন্দ, এম রহমান ফারুক, নাবিল আহমদ ও জুনেদ আহমদ প্রমুখ।




