শ্রীমঙ্গল শাহী ঈদগাহ মাঠে ঈদের জামাতে মুসল্লিদের ঢল
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২১ মার্চ ২০২৬, ১১:২৬:৫২ অপরাহ্ন
শ্রীমঙ্গল থেকে নিজস্ব সংবাদদাতা : মুসলিম উম্মাহর অন্যতম বৃহৎ উৎসব পবিত্র ঈদুল ফিতর অনুষ্ঠিত হয়েছে। শহরের হবিগঞ্জ রোডে অবস্থিত ঐতিহ্যবাহী শ্রীমঙ্গল শাহী ঈদগাহ মাঠে পবিত্র ঈদুল ফিতরের জামাতে মুসল্লিদের ঢল নামে।
সরেজমিনে দেখা গেছে, ঈদের দুই রাকাত ওয়াজিব নামাজ পড়তে ফজরের পর থেকে উপজেলার বিভিন্ন এলাকা থেকে মুসল্লিরা জায়নামাজ হাতে নিয়ে শাহী ঈদগাহ মাঠে আসতে শুরু করেন।
ঈদের প্রথম জামাতের নামাজের পূর্বে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মহিবুল্লাহ আকন ও উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল আলম সিদ্দিকী।
ঈদের জামাতে অংশ নেন প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
শনিবার (২১ মার্চ) সকাল সাড়ে ৭টায় শাহী ঈদগাহ মাঠে প্রথম জামাতের ইমামতি করেন শ্রীমঙ্গল জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মতিউর রহমান নিজামী। ২য় জামাত সকাল সাড়ে ৮টা ১৫ মিনিটে অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন নতুন বাজার জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা জামাল উদ্দিন এবং তৃতীয় জামাত সকাল ৯টায় অনুষ্ঠিত হয়।
ঈদের জামাত শেষে দেশ-জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ ও শান্তি কামনায় মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন হাজার হাজার মুসল্লিরা। নামাজ শেষে ধর্মপ্রাণ মুসল্লিরা কোলাকুলির পাশাপাশি ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।



