সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও ১০ রোগী হাসপাতালে ভর্তি
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ৩১ মার্চ ২০২৬, ৮:৫১:৩৩ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে আরও ১০ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এ নিয়ে বর্তমানে হাসপাতালে ভর্তি আছে ২৮ জন। আজ মঙ্গলবার সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে প্রেরিত দৈনিক হাম ও রুবেলা রোগীর তথ্য প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
প্রতিবেদনে জানানো হয়, ‘গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে নতুন করে ১০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে নতুন করে ৭ জন সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে, ২ জন মৌলভীবাজার সদর হাসপাতালে ও ১ জন বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন। আর মোট ২৮ জন রোগী বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন। তাদের মধ্যে ২০ জন সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে, ৬ জন মৌলভীবাজার সদর হাসপাতালে, ১ জন বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্স ও ১ জন সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি হয়েছেন।
সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ নূরে আলম শামীম বলেন, হাম রোগের লক্ষণ নিয়ে রোগীরা এসে ভর্তি হচ্ছেন। আজো ১০ জন ভর্তি হয়েছেন সিলেট বিভাগে। তাদের নমুনা সংগ্রহ করে ঢাকায় প্রেরণ করা হচ্ছে।




