ওয়ার্ড সচিবদের সঙ্গে সভা
উন্নয়ন টেকসই করতে রাজস্ব বৃদ্ধিতে জোর সিসিক প্রশাসকের
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৩ এপ্রিল ২০২৬, ৫:৩৯:৫৩ অপরাহ্ন
ডাক ডেস্ক : সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী কর্পোরেশনের রাজস্ব আয় বৃদ্ধিতে সক্রিয় ভূমিকা রাখতে ওয়ার্ড সচিবদের প্রতি আহবান জানিয়েছেন। আজ সোমবার বিকেলে নগর ভবনের সভাকক্ষে সিটি কর্পোরেশনের ওয়ার্ড সচিবদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ আহবান জানান।
আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, নাগরিকরা বিভিন্ন সেবা নিতে ওয়ার্ড কার্যালয়ে আসেন। ওয়ার্ড সচিবরা সরাসরি জনগণের সঙ্গে সম্পৃক্ত থাকায় তারা কর পরিশোধে জনগণকে উদ্বুদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। গৃহকর ও অন্যান্য কর যথাসময়ে পরিশোধে নাগরিকদের সচেতন করতে হবে।
তিনি আরও বলেন, সরকার থেকে প্রাপ্ত উন্নয়ন বরাদ্দ একটি সহায়তা হলেও মূলত সিটি কর্পোরেশনের কার্যক্রম পরিচালিত হয় নিজস্ব রাজস্ব আয় দিয়ে। তাই রাজস্ব আয় বৃদ্ধি ছাড়া উন্নয়ন কার্যক্রমকে গতিশীল রাখা কঠিন। নগরের উন্নয়ন অব্যাহত রাখতে জনগণকে গৃহকর পরিশোধ এবং ট্রেড লাইসেন্স নিয়ে ব্যবসা পরিচালনায় উদ্বুদ্ধ করার জন্য তিনি ওয়ার্ড সচিবদের প্রতি অনুরোধ জানান।
সভায় ওয়ার্ড সচিবরা ওয়ার্ড পর্যায়ের কার্যালয়ের অবকাঠামো উন্নয়নসহ বিভিন্ন দাবি উত্থাপন করেন। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা দ্রুত গ্রহণের আশ্বাস দেন সিসিক প্রশাসক।
সিটি কর্পোরেশনের সচিব মো. আশিক নূরের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মো. আলী আকবর, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো. একলিম আবদীন এবং নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) জয়দেব বিশ্বাস।
সিটি কর্পোরেশনের ৪২টি ওয়ার্ডের সচিবগণ সভায় উপস্থিত ছিলেন।




