জগন্নাথপুরের বিশিষ্ট আলেম মাওলানা আব্দুর রব আর নেই : আজ কুবাজপুরে জানাজা
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৪ এপ্রিল ২০২৬, ১২:৪৩:৩১ অপরাহ্ন
জগন্নাথপুরের কুবাজপুরের বাসিন্দা, বিশিষ্ট আলেম মাওলানা আব্দুর রব আর নেই। সোমবার সন্ধ্যায় হৃদরোগে আক্রান্ত হয়ে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে তিনি ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাই হিরাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি স্ত্রী, ৪ পুত্র, ৪ কন্যাসন্তান, ২ বোনসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। আজ মঙ্গলবার বাদ জোহর জগন্নাথপুর উপজেলার কুবাজপুর মাদ্রাসা মাঠে তার জানাজা অনুষ্ঠিত হবে।
মরহুম মাওলানা আব্দুর রবের পুত্র কবি, সাংবাদিক মাওলানা আলী আহমদ জানান, তার পিতা স্বাভাবিকভাবেই সোমবার জোহরের নামাজ আদায় করতে সিলেট নগরের সুবিদবাজার বনকলাপাড়া জামে মসজিদে যান। মসজিদের ভেতরে প্রবেশের পর হঠাৎ করে তার বুকে তীব্র ব্যাথা অনুভুত হলে তিনি পাশে থাকা মুসল্লীদের নিকট তাকে বাসায় নিয়ে যেতে বলেন। এসময় তাকে দ্রুত একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সন্ধা সাড়ে সাতটার দিকে তিনি ইন্তেকাল করেন। কবি আলী আহমেদ তার পিতার রুহের মাগফেরাত কামনায় সকলের নিকট দোয়া কামনা করেছেন।
উল্লেখ্য মাওলানা আব্দুর রব সুনামগঞ্জের অন্যতম শীর্ষ শিক্ষা প্রতিষ্ঠান সৈয়দপুর দারুল হাদীস মাদ্রাসার প্রথম চালু হওয়া টাইটেল ক্লাসের ছাত্র ছিলেন। টাইটেল পাশের পর তিনি দীর্ঘদিন শিক্ষকতা পেশায় নিয়োজিত ছিলেন। বিজ্ঞপ্তি।




