সুনামগঞ্জে বজ্রপাতে ৪ উপজেলায় ৫ জনের মৃত্যু
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৮ এপ্রিল ২০২৬, ৭:৩৩:২০ অপরাহ্ন
সুনামগঞ্জ থেকে নিজস্ব সংবাদদাতা : সুনামগঞ্জের চার উপজেলার বিভিন্ন হাওরে ধান কাটা ও হাঁস ছড়াতে গিয়ে বজ্রপাতের কবলে পড়ে কৃষক, শ্রমিকসহ ৫ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। পৃথক এসব দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৪ জন।
আজ শনিবার দুপুর ১২ টা থেকে ১ টার দিকে জেলার উপর দিয়ে প্রবল ঝড়বৃষ্টির সাথে বজ্রপাত হয়। এসময় বজ্রাঘাতে জেলার ধর্মপাশা উপজেলায় এক কিশোরসহ ২ জন ও তাহিরপুর উপজেলা ১জন,জামালগঞ্জ উপজেলায় ১ জন ও দিরাই উপজেলায় ১ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকার।
পুলিশের এই কর্মকর্তা জানান, দুপুুরে জামালগঞ্জ উপজেলার পাগনার হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতের চানপুর গ্রামের গজারিয়া হাটির মো. নূর জামাল(২২) নামের এক যুবক নিহত হন। সে গ্রামের আমীর আলীর ছেলে। এছাড়াও এসময় তোফাজ্জল হোসেন(২২) নামের আরেক জন গুরুতর আহত হয়েছেন। অপরদিকে হাওরে হাঁস চড়াতে গিয়ে বজ্রপাতে তাহিরপুরের জামলাবাজ গ্রামের আবুল কালাম নামের এক হাঁসের খামারীর মৃত্যু হয়েছে। সে উপজেলার সদর ইউনিয়নের গাজীপুর গ্রামের আবু বক্করের ছেলে। এসময় আরেক হাঁসের খামারি আহত হয়েছেন।
দিরাইয়ের কালিয়া কোটা হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে লিটন মিয়া(৩৮) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। সে চরনারচর ইউনিয়নের পেরুয়া আশনাবাজ গ্রামের চান্দু মিার ছেলে।
এছাড়াও হাওরে ধানকাটার সময় বজ্রপাতে ধর্মপাশা উপজেলার জয়শ্রী ইউনিয়নে রহমত উল্লাহ নামের(১৩) এক স্কুল ছাত্র ও একই উপজেলার পাইকুর হাটি ইউনিয়নের হাবিবুর রহমান(২৪) নামের আরেক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন পুলিশের কর্মকর্তা।




