শাহজালাল ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৭ জুন ২০২৬, ৭:৪৯:১২ অপরাহ্ন
শাবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অঙ্গপ্রতিষ্ঠান শাহজালাল ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং এইচএসসি-২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (১৭ জুন) বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাবিপ্রবির উপাচার্য ড. মোঃ খায়রুল ইসলাম।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশে উপাচার্য বলেন, স্কুল-কলেজ জীবনে পরীক্ষাকে ঘিরে যেমন উচ্ছ্বাস ও উদ্বেগ থাকে, তেমনি ভবিষ্যতের জন্য নিজেকে প্রস্তুত করাও গুরুত্বপূর্ণ। বর্তমান শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে এবং দেশ-বিদেশে জ্ঞান, মেধা ও দক্ষতার মাধ্যমে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
তিনি বলেন, লক্ষ্য অর্জনে এখন থেকেই শিক্ষার্থীদের মনোযোগী হতে হবে। জীবনের প্রতিটি ক্ষেত্রে সংযম ও শৃঙ্খলা বজায় রাখতে হবে এবং মোবাইল ফোনসহ ডিজিটাল ডিভাইস ব্যবহারে সচেতনতা ও আত্মনিয়ন্ত্রণ গড়ে তুলতে হবে।
উপাচার্য আরও বলেন, বাবা-মায়ের পর শিক্ষকদের অবস্থান সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই শিক্ষকদের প্রতি সম্মান প্রদর্শন এবং তাঁদের উপদেশ অনুসরণ শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনে সহায়ক ভূমিকা রাখবে।
ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সভাপতি ড. মোঃ নজরুল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাবিপ্রবির কোষাধ্যক্ষ ড. মোঃ ইসমাইল হোসেন এবং ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক ড. মোঃ সাইফুল ইসলাম।
স্বাগত বক্তব্য দেন শাহজালাল ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ দিগ্বিজয় চক্রবর্তী।
অনুষ্ঠানে এইচএসসি-২০২৬ পরীক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয় এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।




