'সরকার ইমামদের আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তুলছে'
সিলেটে ৪৫ দিন ব্যাপি ইমাম প্রশিক্ষণের উদ্বোধন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২২ জুলাই ২০২৬, ১১:০৮:৩৯ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেটে সাত জেলার নির্বাচিত ১০০ ইমামকে নিয়ে ৪৫ দিনব্যাপী ইমাম প্রশিক্ষণ শুরু হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ড. সৈয়দ শাহ এমরান।
মঙ্গলবার নগরীর শাহী ঈদগাহ এলাকার ইমাম প্রশিক্ষণ একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, সরকার ইসলামিক ফাউন্ডেশনের অধীনে দেশের ৮টি ইমাম প্রশিক্ষণ একাডেমির মাধ্যমে যুগোপযোগী প্রশিক্ষণ দিয়ে ইমাম-মুয়াজ্জিনদের আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তুলছে।
ইমাম প্রশিক্ষণ একাডেমি সিলেটের উপপরিচালক মো. আনোয়ারুল কাদিরের সভাপতিত্বে ও সৈয়দ ফখরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ইসলামিক ফাউন্ডেশন সুনামগঞ্জ জেলার উপপরিচালক মোহাম্মদ মোশারফ হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে ইসলামিক ফাউন্ডেশনের সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ড. সৈয়দ শাহ এমরান বলেন, ইমামগণ প্রশিক্ষণ গ্রহণ করে দক্ষতা বৃদ্ধির পাশাপাশি নেতৃত্ব দেওয়ার যোগ্যতা অর্জন করেন। তারা প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগিয়ে আর্থসামাজিক উন্নয়নমূলক কর্মকান্ডে উল্লেখযোগ্য ভূমিকা রাখেন।
তিনি বলেন, ইমামগণ সমাজের প্রভাব বিস্তারকারী নেতৃস্থানীয় ব্যক্তি। দেশ থেকে দুর্নীতি ও সন্ত্রাস দূরীকরণ, সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং আর্থসামাজিক বিষয়ে জনগণকে সচেতন করার ক্ষেত্রে ইমামদের রয়েছে গুরুত্বপূর্ণ ভূমিকা। প্রশিক্ষিত ইমামগণ মসজিদে জুমার বয়ানসহ ধর্মীয় ও সামাজিক বিভিন্ন অনুষ্ঠানে বক্তব্য প্রদান করে মানুষকে ইতিবাচক কাজে উদ্বুদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন প্রশিক্ষণার্থী ইমাম ক্বারী রইছ উদ্দিন। মোনাজাত পরিচালনা করেন নুরানী প্রশিক্ষক মাওলানা নাসির উদ্দিন। অনুষ্ঠানে সিলেট বিভাগের চার জেলাসহ ভ্রাহ্মণবাড়িয়া, নরসিংদী ও কিশোরগঞ্জের নির্বাচিত ১০০ প্রশিক্ষণার্থী ইমাম অংশ নেন।



