বিশ্ব হেপাটাইটিস দিবস উপলক্ষে সিলেটে ৬০০ মেডিকেল শিক্ষার্থীর বিনামূল্যে হেপাটাইটিস পরীক্ষা
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৭ জুলাই ২০২৬, ১০:৫৪:৩১ অপরাহ্ন
বিশ্ব হেপাটাইটিস দিবস-২০২৬ উপলক্ষে ন্যাশনাল লিভার ফাউন্ডেশন অব বাংলাদেশের উদ্যোগে সিলেটের তিনটি মেডিকেল কলেজে প্রায় ৬০০ জন শিক্ষার্থীর বিনামূল্যে হেপাটাইটিস ‘বি’, হেপাটাইটিস ‘সি’ এবং অ্যান্টি-এইচবিএস পরীক্ষা সম্পন্ন হয়েছে। ২৬ জুলাই (রোববার) দিনব্যাপী সিলেটের তিনটি শীর্ষস্থানীয় চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠানে এ কর্মসূচি সফলভাবে অনুষ্ঠিত হয়।
যেসব প্রতিষ্ঠানে এ কার্যক্রম পরিচালিত হয় সেগুলো হলো- সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ, জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ এবং সিলেট উইমেন্স মেডিকেল কলেজ। ভবিষ্যৎ চিকিৎসকদের মাঝে হেপাটাইটিস সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, সংক্রমণ শনাক্তকরণ এবং হেপাটাইটিস বি-এর বিরুদ্ধে রোগপ্রতিরোধ ক্ষমতা যাচাই করাই ছিল এই আয়োজনের মূল উদ্দেশ্য।
উদ্যোক্তারা জানান, কর্মসূচিতে অংশগ্রহণকারী অধিকাংশ শিক্ষার্থীই ২০০৫ সালের পর জন্মগ্রহণ করেছেন। উল্লেখ্য, বাংলাদেশ সরকার ২০০৫ সালে সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) আওতায় নবজাতকদের জন্য নিয়মিত হেপাটাইটিস বি টিকা দেওয়া শুরু করে। তাই শিক্ষার্থীদের শরীরে টিকার মাধ্যমে পর্যাপ্ত রোগপ্রতিরোধ ক্ষমতা (ইমিউনিটি) তৈরি হয়েছে কি না, তা মূল্যায়নের জন্যই বিশেষ এই অ্যান্টি-এইচবিএস পরীক্ষার ব্যবস্থা করা হয়।
পরীক্ষা কার্যক্রম চলাকালে শিক্ষার্থীদের উৎসাহিত করতে উপস্থিত ছিলেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের প্রিন্সিপাল অধ্যাপক ড. মোস্তফা তৌফিক আহমেদ, জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মো. আবেদ হোসেন এবং সিলেট উইমেন্স মেডিকেল কলেজের ভাইস প্রিন্সিপাল অধ্যাপক ডা. তহুর আব্দুল্লাহ চৌধুরীসহ অন্যান্য চিকিৎসক ও প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ। তারা সবাই ন্যাশনাল লিভার ফাউন্ডেশনের এই সময়োপযোগী ও প্রশংসনীয় উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।
অনুষ্ঠানে শুভেচ্ছা জানান ন্যাশনাল লিভার ফাউন্ডেশন অব বাংলাদেশের মহাসচিব অধ্যাপক মোহাম্মদ আলী এবং সিলেট নির্বাহী কমিটির সদস্যবৃন্দ। অধ্যাপক মোহাম্মদ আলী অংশগ্রহণকারী শিক্ষার্থীদের ধন্যবাদ জানিয়ে বলেন, “ভবিষ্যতের চিকিৎসক হিসেবে নিজেদের সুরক্ষার পাশাপাশি সমাজে হেপাটাইটিস প্রতিরোধে সচেতনতা গড়ে তুলতে মেডিকেল শিক্ষার্থীদের ভূমিকা অপরিসীম।” একই সঙ্গে তিনি মেডিকেল কলেজ কর্তৃপক্ষ, শিক্ষক-শিক্ষার্থী এবং বাংলাদেশ মেডিকেল স্টুডেন্টস সোসাইটির (BMSS) স্বেচ্ছাসেবীদের আন্তরিক ধন্যবাদ জানান।
কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরাও অত্যন্ত ইতিবাচক প্রতিক্রিয়া জানান। নিজেদের সংক্রমণ বা রোগপ্রতিরোধ ক্ষমতার অবস্থা জানতে পেরে এবং সঠিক সময়ে প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার সুযোগ পাওয়ায় তারা আয়োজকদের ধন্যবাদ জ্ঞাপন করেন।
ন্যাশনাল লিভার ফাউন্ডেশন অব বাংলাদেশ জানায়, দেশে হেপাটাইটিস ‘বি’ ও ‘সি’ অন্যতম প্রধান জনস্বাস্থ্য সমস্যা। তবে আগাম পরীক্ষা, সময়মতো টিকাদান এবং সচেতনতার মাধ্যমে লিভার সিরোসিস ও লিভার ক্যান্সারের ঝুঁকি বহুগুণ কমানো সম্ভব। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) ২০৩০ সালের মধ্যে ভাইরাল হেপাটাইটিস নির্মূলের লক্ষ্যমাত্রা অর্জনে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক এই স্ক্রিনিং ও সচেতনতামূলক উদ্যোগ গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে সংস্থাটি আশা প্রকাশ করে।
ন্যাশনাল লিভার ফাউন্ডেশন অব বাংলাদেশ (সিলেট শাখা) জানায়, সিলেটবাসী হেপাটাইটিস বা যেকোনো লিভার সম্পর্কিত পরামর্শ, পরীক্ষা, চিকিৎসা ও সেবার জন্য পূর্ব শাহী ঈদগাহ, সিলেট (টিবি হাসপাতালের পাশে) অবস্থিত কেন্দ্রে যোগাযোগ করতে পারেন (ফোন: ০১৭৭১৫১১৯৬২)। এখানে প্রখ্যাত হেপাটোলজিস্ট ও গ্যাস্ট্রোএন্টারোলজিস্টদের মাধ্যমে সাশ্রয়ী মূল্যে পরীক্ষা, টিকা ও সার্বিক চিকিৎসাসেবা প্রদান করা হয়।



