এসএসসি’র ফলাফল পুনঃনিরীক্ষণ নয়, খাতা পুনর্মূল্যায়নের সুযোগ পাবে শিক্ষার্থীরা
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১১ আগস্ট ২০২৬, ১২:১৭:১৭ অপরাহ্ন
ডাক ডেস্ক : এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে অসন্তুষ্ট শিক্ষার্থীরা এবার শুধু পুনঃনিরীক্ষণ নয়, খাতা সম্পূর্ণ পুনর্মূল্যায়নের সুযোগ পাবেন। পুনর্মূল্যায়নের সময় কোনো ভুলত্রুটি পাওয়া গেলে তা সংশোধনের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
গতকাল সোমবার সকাল ১০টায় শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, পরীক্ষায় ভালো প্রস্তুতি থাকার পরও অনেক শিক্ষার্থী আশানুরূপ ফল পায় না। এ কারণে পুনঃপরীক্ষণের সুযোগ দেওয়া হয়েছে।
তিনি বলেন, ১৯৯৮ সালের বোর্ড আইনে খাতা পরিদর্শনের কোনো ব্যবস্থা ছিল না। বর্তমানে এ নিয়ম পরিবর্তন করা হয়েছে। যেসব শিক্ষার্থী পুনঃপরীক্ষণের জন্য আবেদন করবেন, তাদের খাতা সম্পূর্ণভাবে পুনরায় পরীক্ষা করা হবে। খাতা যাচাইয়ের সময় কোনো ভুলত্রুটি পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।




