জকিগঞ্জে সদ্য বিবাহিত ছেলের মৃত্যুর খবর শুনে মারা গেলেন বাবা
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ৩১ আগস্ট ২০২৬, ১১:২০:১২ অপরাহ্ন
জকিগঞ্জ (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা : হাতের মেহেদির রং তখনো মুছে যায়নি। নতুন সংসার, নতুন জীবনের স্বপ্নে বিভোর ছিলেন সিলেটের জকিগঞ্জের মাসুক আহমেদ (৩৮)। কিন্তু সেই স্বপ্ন পূরণের আগেই বিদ্যুৎস্পৃষ্টে থেমে গেল তাঁর জীবন। এদিকে সদ্য বিবাহিত ছেলের মৃত্যুর খবর বাড়িতে পৌঁছানোর কিছুক্ষণের মধ্যেই অসুস্থ হয়ে মারা গেলেন বাবা আব্দুল লতিফ (৬৭)। এক সন্ধ্যায় বাবা-ছেলের এমন মর্মান্তিক মৃত্যুতে শোকের মাতম চলছে সিলেটের জকিগঞ্জের বারহাল ইউনিয়নের খিলগ্রাম (খালপাড়) এলাকায়। রোববার সন্ধ্যায় ওই এলাকায় এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।
জানা যায়, মাসুক আহমেদ শাহগলী বাসস্ট্যান্ড এলাকার নুসরাত লাইটিংয়ে কর্মচারী হিসেবে কাজ করতেন। রোববার সন্ধ্যায় কর্মস্থলে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাঁর মৃত্যু হয়। মাসুকের মৃত্যুর খবর বাড়িতে পৌঁছানোর পরই অসুস্থ হয়ে পড়েন তাঁর বাবা আব্দুল লতিফ। স্বজনেরা তাঁকে সামলানোর চেষ্টা করেন। কিন্তু কিছুক্ষণের মধ্যেই তাঁরও মৃত্যু হয় বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।
স্বজনেরা জানান, মাসুকের বিয়ে হয়েছিল সম্প্রতি। নতুন সংসার নিয়ে তাঁর অনেক স্বপ্ন ছিল। জীবনের নতুন অধ্যায়ের আনন্দ-উচ্ছ্বাস কাটতে না কাটতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারান তিনি। তাঁর হাতে বিয়ের মেহেদির দাগ এখনো পুরোপুরি মুছে যায়নি।
সদ্যবিবাহিত ছেলেকে হারানোর শোক সামলে ওঠার আগেই বাবাকেও হারাতে হয়েছে পরিবারটিকে। পরপর দুই মৃত্যুতে স্বজনেরা যেন বাকরুদ্ধ হয়ে পড়েছেন। একদিকে ছেলের আকস্মিক মৃত্যু, অন্যদিকে সেই মৃত্যুর খবর শুনে বাবার চলে যাওয়া। স্বজনদের কান্না ও আহাজারিতে ভারী হয়ে উঠেছে বাড়ির পরিবেশ।
বাবা-ছেলের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে খিলগ্রাম ও আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্বজন ও প্রতিবেশীরা পরিবারটির পাশে দাঁড়াতে বাড়িতে ছুটে আসেন। খবর পেয়ে জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাকও সেখানে যান এবং শোকাহত পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন। স্বজনদের বুকফাটা কান্নায় সেখানে উপস্থিত অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, ঘটনাটি খুবই মর্মান্তিক। ছেলের মৃত্যুর সংবাদে বাবাও মারা গেছেন। পরিবারের পক্ষ থেকে বিদ্যুৎস্পৃষ্টে নিহত মাসুক আহমেদের লাশ ময়নাতদন্ত ছাড়াই দাফনের জন্য আবেদন করা হয়েছে। আবেদন বিবেচনায় ময়নাতদন্ত ছাড়াই তাঁর লাশ দাফন করা হবে।




