সিলেট চেম্বারের নবনিযুক্ত প্রশাসকের সাথে দোকান মালিক সমিতি নেতৃবৃন্দের মতবিনিময়
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৮ অক্টোবর ২০২৬, ৩:৩৩:৫৭ অপরাহ্ন
দি সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র নবনিযুক্ত প্রশাসক এজাজ আহমদ চৌধুরীর সাথে মতবিনিময় সভা করেছেন বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার নেতৃবৃন্দ। ৭ অক্টোবর (বুধবার) দুপুর ১২টায় চেম্বার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভার শুরুতে চেম্বারের নবনিযুক্ত প্রশাসককে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার নেতৃবৃন্দ। একই সাথে ব্যবসায়ীদের বিভিন্ন দাবি-দাওয়া তুলে ধরে চেম্বারে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের লক্ষ্যে প্রশাসকের নিকট একটি স্মারকলিপি প্রদান করা হয়।
বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার সাংগঠনিক সম্পাদক নিয়াজ মো. আজিজুল করিমের সঞ্চালনায় এবং সদস্য খুরশেদ আলমের কুরআন তিলাওয়াতের মাধ্যমে সভাটি শুরু হয়।
সভায় বক্তব্য রাখতে গিয়ে ব্যবসায়ী নেতৃবৃন্দ বলেন, সিলেট চেম্বারে বর্তমানে নির্বাচিত পরিচালনা পর্ষদ না থাকায় ব্যবসায়িক কর্মকাণ্ডে স্থবিরতা দেখা দিয়েছে। চেম্বারকে পূর্ণাঙ্গভাবে সক্রিয় করতে এবং ব্যবসায়ীদের অভিভাবকত্ব ফিরিয়ে আনতে একটি নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের বিকল্প নেই।
নেতৃবৃন্দ একটি সঠিক ভোটার তালিকা প্রণয়নের ওপর জোর দিয়ে বলেন, প্রতিটি ভোটারের বার্ষিক সর্বনিম্ন ৫ লক্ষ টাকা টার্নওভার রয়েছে কিনা তা যাচাই করা দরকার। পাশাপাশি সরেজমিনে ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন এবং ট্রেড লাইসেন্স, টিআইএনসহ প্রয়োজনীয় কাগজপত্র সংশ্লিষ্ট দপ্তর থেকে যাচাইয়ের মাধ্যমে স্বচ্ছ ভোটার তালিকা তৈরির আহ্বান জানান তারা।
এছাড়াও সভায় ব্যবসায়ীদের পক্ষ থেকে ভোটার তালিকা যাচাইয়ে পৃথক কমিটি গঠন, ভ্যাট-ট্যাক্স সংক্রান্ত জটিলতা নিরসন, শহরের ফুটপাত হকারমুক্ত রাখা, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা এবং। পর্যটন নগরীর ব্যবসা-বাণিজ্য বজায় রাখতে রাত ১০টা পর্যন্ত দোকানপাট খোলা রাখার জোর দাবি জানানো হয়।
ব্যবসায়ীদের দাবির জবাবে সিলেট চেম্বারের প্রশাসক এজাজ আহমদ চৌধুরী তাকে অভিনন্দন জানানোর জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “একজন ব্যবসায়ী হিসেবে সিলেট চেম্বারে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা আমারও মূল লক্ষ্য। দি সিলেট চেম্বারের মতো ঐতিহ্যবাহী একটি সংগঠন দীর্ঘদিন প্রশাসকের অধীনে পরিচালিত হওয়া কাঙ্ক্ষিত নয়।”
তিনি আরও যুক্ত করেন যে, অর্পিত দায়িত্ব পালনে এবং নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে সরকার ও ব্যবসায়ী সমাজ তার ওপর যে আস্থা রেখেছে, তিনি তা বজায় রাখতে সর্বোচ্চ চেষ্টা করবেন। আগামী নির্বাচন সুন্দরভাবে সম্পন্ন করতে তিনি সিলেটের সকল স্তরের ব্যবসায়ীদের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
উক্ত সভায় বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার মহাসচিব আব্দুর রহমান রিপন, উপদেষ্টা ও সিলেট চেম্বারের সাবেক সভাপতি খন্দকার সিপার আহমদ, সাবেক সহ-সভাপতি এহতেশামুল হক চৌধুরী, সাবেক পরিচালক এনামুল কুদ্দুছ চৌধুরী, সহ-সভাপতি মোঃ আতিকুর রহমান এবং সহ-সাংগঠনিক সম্পাদক মীর মোঃ জাকারিয়া উপস্থিত ছিলেন।
এছাড়াও সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সহ-সভাপতি মোঃ লুৎফুর রহমান লিলু, সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল আহাদ সহ স্থানীয় ব্যবসায়ী নেতা মোঃ আমির হোসেন, মোঃ ছাদ মিয়া, হাবিব আল নূর, খন্দকার কাওছার আহমদ রবি, মোঃ নাহিদুর রহমান, নাফিস জুবায়ের চৌধুরী, দেওয়ান রুশো চৌধুরী, ফায়েক আহমদ শিপু, নূর আহমদ খান ছাদেক, আব্দুস সোবহান, শোয়েব আহমদ অভি এবং সিলেটের বিভিন্ন মার্কেট ও ব্যবসায়ী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।




