গোলাপগঞ্জের ৫ আওয়ামী লীগ নেতা কারাগারে
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৭ জুলাই ২০২৫, ৫:৪৭:৪১ অপরাহ্ন
গোলাপগঞ্জ (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতাঃ- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাধিক মামলার আসামি সিলেটের গোলাপগঞ্জের ৫ আওয়ামীলীগ নেতাকে কারাগারে প্রেরণ করেছেন আদালত। বৃহস্পতিবার হাইকোর্ট থেকে প্রাপ্ত ৮ সপ্তাহের জামিন শেষে আত্মসমর্পণ করলে সিলেট জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শেখ আশফাকুর রহমান তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
বিষয়টি নিশ্চিত করেছেন বিবাদীপক্ষের আইনজীবী প্রীতিষ দত্ত পিংকু। তিনি জানান, তারা আদালতে জামিন চাইলে আদালত জামিন মঞ্জুর না করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
তারা হলেন- গোলাপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আকবর আলী ফখর, সাবেক পৌর কাউন্সিলর এম ফজলুল আলম ফজলু, উপজেলা আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আলম, পৌর আওয়ামীলীগের সাদেক আহমদ, আমুড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কামরান হোসেন।
এর আগে ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় একাধিক হত্যা মামলা রয়েছে এই পাঁচ নেতার বিরুদ্ধে। তারা উচ্চ আদালত থেকে ৮ সপ্তাহের জামিন নেন। জামিনের মেয়াদ শেষ হওয়ায় নিয়ম অনুযায়ী বৃহস্পতিবার সিলেটের আদালতে আত্মসমর্পণ করে স্থায়ী জামিন প্রার্থনা করলে আদালতে তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।




