আজকের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২২ জুলাই ২০২৫, ৯:২২:১৯ অপরাহ্ন
উত্তরায় বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় আজ মঙ্গলবার এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। মঙ্গলবার (২২ জুলাই) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।
এতে বলা হয়, ঢাকা মহানগরীর উত্তরায় অবস্থিত মাইলস্টোন কলেজ প্রাঙ্গণে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় পতিত হওয়ায় কলেজের শিক্ষার্থীদের জান-মালের ব্যাপক ক্ষতি হয়েছে। উক্ত দুর্ঘটনার কারণে অন্তর্বর্তীকালীন সরকার জাতীয় শোক দিবস ঘোষণা করায় আজ ২২ জুলাই, মঙ্গলবার অনুষ্ঠিতব্য সকল শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি ও সমমান পরীক্ষা ২০২৫-এর পরীক্ষাসমূহ নির্দেশক্রমে স্থগিত করা হলো।
এতে আরও বলা হয়, ২২ জুলাই স্থগিত হওয়া পরীক্ষার পরিবর্তিত সময়সূচি বিজ্ঞপ্তির মাধ্যমে পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।
এদিকে, আজ মঙ্গলবার সকাল ৭ টা ১১ মিনিটে এক ক্ষুদে বার্তায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম শিক্ষা উপদেষ্টার বরাতে জানান, আজকের এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে।
এর আগে, গতকাল সোমবার দিবাগত রাত তিনটার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেওয়া এক পোস্টে পরীক্ষা স্থগিত হওয়ার কথা জানান যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলমও গপরীতকাল দিবাগত রাত সাড়ে তিনটার পর আজকের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত সংক্রান্ত একটি পোস্ট নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করেছেন।
প্রসঙ্গত, বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান গতকাল সোমবার বেলা একটার কিছুক্ষণ পর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়ে এখন পর্যন্ত অন্তত ২৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন দেড় শতাধিক।




