হবিগঞ্জ সমিতি সিলেট’র দ্বি-বার্ষিক সাধারণ সভা
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৩ জুলাই ২০২৫, ৪:০১:৪৪ অপরাহ্ন
ডাক ডেস্ক : বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন এর চেয়ারম্যান জালাল আহমেদ বলেছেন, হবিগঞ্জ জেলা প্রাকৃতিক সম্পদে ভরপুর। এ জেলার ঐতিহ্যকে ধরে রাখতে সবাইকে এগিয়ে আসতে হবে। সিলেট মহানগরীতে বসবাসরত সদস্যদের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় হবিগঞ্জ সমিতি একটি আদর্শ সংগঠন হিসেবে গড়ে উঠবে এবং সংগঠনটি আরও সুসংহত ও শক্তিশালী করতে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এই জেলার প্রাকৃতিক সম্পদকে কাজে লাগিয়ে উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচন করা সম্ভব।
গত শুক্রবার সন্ধ্যায় নগরীর দরগা গেইটস্থ একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত হবিগঞ্জ সমিতি সিলেটের দ্বি-বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, মুক্তিযুদ্ধের ইতিহাস সমৃদ্ধ প্রাকৃতিক সম্পদের লীলাভূমি হবিগঞ্জ। এ জেলার অবকাঠামো উন্নয়নসহ মানুষের জীবনযাত্রার মান যেমন বাড়ছে, তেমনি ওই এলাকা প্রতিনিয়ত যেসব শিল্প কারখানা গড়ে উঠছে তা পরিবেশকে ভয়াবহ হুমকির মুখে ঠেলে দিচ্ছে। সুষ্ঠু পরিকল্পিত শিল্পায়ন ও অর্থনৈতিক অঞ্চল গড়ে উঠলে অপার সম্ভাবনাময় হবিগঞ্জ বাংলাদেশের অর্থনীতির চাকাকে সচল রাখবে। সংস্কৃতি, শিক্ষা, আধ্যাত্মবাদ ও সুফিবাদে এক সময় হবিগঞ্জ ছিল সুপরিচিত। সঠিক নেতৃত্বের অভাবে বর্তমানে কিছুটা ঝিমিয়ে পড়েছে।
হবিগঞ্জ সমিতি সিলেটের সভাপতি প্রফেসর ডাঃ শাহনেওয়াজ চৌধুরীর সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট মোস্তাকিম আহমদ কাওছার এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভিসি অধ্যাপক ড. জহিরুল হক শাকিল, এম.সি কলেজের নবাগত অধ্যক্ষ প্রফেসর গোলাম আহমদ খান কবির, সিলেট কৃষি বিশ^বিদ্যালয়ের সাবেক ডীন প্রফেসর ড. শাহাব উদ্দিন, সাবেক সভাপতি দ্বি-বার্ষিক সাধারণ সভা পরিষদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম, সিলেট জজ কোর্টের এডিশনাল জিপি এডভোকেট মোহাম্মদ আবুল ফজল, সমিতির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক শওকত হোসেন রিপন, শাবি সমাজকর্ম বিভাগের প্রফেসর ড. আলী ওয়াক্কাস সোহেল, শাবি’র প্রফেসর মোতাহার হোসেন সোহেল।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জালালাবাদ গ্যাসের সাবেক জিএম শহিদুল ইসলাম শামীম এবং বার্ষিক অর্থরিপোর্ট উপস্থাপন করেন সমিতির বিদায়ী সাধারণ সম্পাদক আবু তাহের চৌধুরী। বার্ষিক সাধারণ সভা শেষে সমিতির ২০২৫-২০২৬ সেশনের কমিটি ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট মোহাম্মদ ইরফানুজ্জামান চৌধুরী। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা শফিউল ইসলাম চৌধুরী।-বিজ্ঞপ্তি




