পিআর পদ্ধতি গায়ে দেয় নাকি খায়- সালাহউদ্দিন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৮ জুলাই ২০২৫, ৭:৩২:৩১ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, যারা স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরোধিতা করেছে, মানুষের অনুভূতির বিরুদ্ধে গেছে, তারাই পিআর নির্বাচন চায়। তিনি অভিযোগ করেন, যাদের আওয়ামী লীগের সঙ্গে বিভিন্ন সময়ে সম্পর্ক ছিল ও একসময় যারা আওয়ামী লীগকে বাতাস করেছে, তারাও নাকি পিআর নির্বাচন চায়। তাঁর মতে, ‘এসব অসৎ উদ্দেশ্য ও সংস্কারের কথা বলে জাতীয় নির্বাচন পিছিয়ে দেওয়া যাবে না। পিআর পদ্ধতি গায়ে দেয় নাকি খায়, দেশের মানুষ তা বোঝে না। আমরা বুঝি, একটা এলাকায় কোনো দলের প্রার্থী সংসদ সদস্য (এমপি) হবেন। সেই এলাকার জনগণের সঙ্গে তাঁর সম্পর্ক থাকবে ও জনগণের অধিকার নিয়ে তিনি কথা বলবেন।’
আজ শুক্রবার (১৮ জুলাই) বিকেলে রাজধানীর পল্লবী থানার মিরপুর-১২-এর বাসস্ট্যান্ডে ’২৪-এর গণ-অভ্যুত্থানে শহীদদের স্মরণে মৌন মিছিলের এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মৌন মিছিলটির আয়োজন করে ঢাকা মহানগর উত্তর বিএনপি। এসময় তিনি হুঁশিয়ারি দেন, পিআর পদ্ধতির কথা বলে কোনো ষড়যন্ত্র বা ফ্যাসিবাদীদের পুনর্বাসন করতে দেওয়া হবে না।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ প্রশ্ন করেন, ‘মুক্ত স্বাধীন বাংলাদেশে গণতান্ত্রিক অধিকার, ভোটাধিকার, দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য মানুষ কি রক্ত দিতেই থাকবে? যাঁরা সংস্কারের নামে নির্বাচন পেছানোর কথা বলছেন, তাঁদের অসৎ উদ্দেশ্য আছে।’
তিনি আরও বলেন, ‘ফ্যাসিবাদী শেখ হাসিনা ও আওয়ামী লীগের মৃত্যু হয়েছে ঢাকায়, আর দাফন হয়েছে দিল্লিতে। আবার যারা এই ফ্যাসিবাদ ফিরিয়ে আনতে চাচ্ছে, তাদের চিহ্নিত করতে হবে। একটি পক্ষ ক্ষমতায় যাওয়ার জন্য স্বপ্ন দেখছেন, ভালো কথা। কিন্তু নির্বাচন পিছিয়ে, নির্বাচন ছাড়া যারা ক্ষমতায় যেতে চাইলে এবং ফ্যাসিবাদকে যারা পুনর্বাসন করতে চাইলে, তা করতে দেওয়া হবে না।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমিনুল হক। ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামানের সঞ্চালনায় আরও বক্তব্য দেন বিএনপির উপদেষ্টা পরিষদের সদস্য ড. মাহাদী আমিন, কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।


