জুলাই গণ-অভ্যুত্থান স্মরণে শাবিতে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৪ জুলাই ২০২৫, ৯:৩০:৩৮ অপরাহ্ন
শাবিপ্রবি প্রতিনিধি : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জুলাইয়ের গণ-অভ্যুত্থান স্মরণে দিনব্যাপী রক্তদান কর্মসূচি পালিত হয়েছে । শাবিপ্রবির রক্তদান বিষয়ক সংগঠন সঞ্চালন ও মুজিব জাহান রেড ক্রিসেন্ট উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (২৪জুলাই) সকাল ১০টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান ভবনের সামনে দিনব্যাপী এ কর্মসূচি উদ্বোধন করা হয়। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন শাবিপ্রবির প্রথম ছাত্রী হল কর্তৃপক্ষ।
সরেজমিনে দেখা যায়, সকাল থেকেই বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা স্বেচ্ছায় রক্ত দিতে আগ্রহ দেখাচ্ছেন। দিনব্যাপী এ কর্মসূচিতে বিভিন্ন বিভাগের ৩০ জন শিক্ষার্থী স্বেচ্ছায় রক্তদান করেছেন।
স্বেচ্ছায় রক্ত দিতে আসা পলিটিক্যাল স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মমিন উদ্দিন বলেন, ‘জুলাই স্মরণে এ আয়োজন অত্যন্ত কার্যকরী। কারণ গত বছরের জুলাইয়ে বুকের তাজা রক্ত বিলিয়েছেন তরুণ, ছাত্র ও জনতা। এবারের রক্তদান জুলাইকে স্মরণের পাশাপাশি আমাদেরকে ত্যাগের ধারা বজায় রাখতে শেখায়।’
সঞ্চালনের সাধারণ সম্পাদক শাকিল আহমেদ বলেন, ‘আমরা বিশ্বাস করি, রক্তদানের মধ্য দিয়ে একদিকে যেমন মানুষের জীবন বাঁচানো যায়, অন্যদিকে জাতীয় ইতিহাসের গৌরবময় অধ্যায়কে স্মরণ করাও সম্ভব। আমাদের এই আয়োজন যেন শিক্ষার্থীদের মাঝে মানবিক মূল্যবোধ জাগ্রত করে।’
প্রথম ছাত্রী হলের প্রাধ্যক্ষ দিলারা রহমান বলেন, ‘শিক্ষার্থীরা শুধু পড়ালেখাতেই নয়, এমন মানবিক ও সামাজিক উদ্যোগেও যেভাবে এগিয়ে আসছে, তা অত্যন্ত প্রশংসনীয়। রক্তদানের মতো উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে একতা ও সহমর্মিতার চর্চা বাড়ায়।’




