শ্রীমঙ্গলে ময়লার ভাগাড় স্থানান্তরের দাবিতে মানববন্ধন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৯ নভেম্বর ২০২৫, ৬:৪৩:৩১ অপরাহ্ন
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) থেকে নিজস্ব সংবাদদাতা : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে থেকে পৌরসভার ময়লার ভাগাড় স্থানান্তরের দাবিতে শিক্ষার্থীরা ফের আন্দোলনে নেমেছেন। আজ রোববার (৯ নভেম্বর) সকালে কলেজ রোডে ময়লার ভাগাড়ের সামনে বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে অংশ নেন শ্রীমঙ্গল সরকারি কলেজ ও গাউছিয়া শফিকিয়া সুন্নিয়া দাখিল মাদরাসার সাধারণ শিক্ষার্থীসহ এলাকাবাসী।
বিক্ষোভকারীরা ‘এখানে ময়লা ফেলা বন্ধ করুন, নতুবা আমাদের মেরে ফেলুন’ শ্লোগান সম্বলিত ব্যানার নিয়ে শ্রীমঙ্গল চৌমুহনা চত্বরে প্রতিবাদ সমাবেশ করেন। ২০১৮ সাল থেকে শিক্ষার্থীরা মানববন্ধন, স্মারকলিপি এবং প্রতিবাদ সমাবেশের মাধ্যমে জনপ্রতিনিধি, প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরে ময়লার ভাগাড় স্থানান্তরের দাবি জানিয়ে আসছেন। দীর্ঘ ৭ বছর ধরে আন্দোলন বাস্তবায়ন না হওয়ায় আবারো সাধারণ শিক্ষার্থীরা আন্দোলনে নেমেছেন।
মানববন্ধনে শিক্ষার্থী ও স্থানীয়রা অভিযোগ করেন, ময়লার ভাগাড়ের কারণে তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ১০ হাজার শিক্ষার্থী, শিক্ষক, পথচারী ও স্থানীয় বাসিন্দারা নরক যন্ত্রণায় ভোগছেন। ভাগাড়ের চারপাশে ময়লার স্তুপ পাহাড়সম হয়ে গেছে। দুর্গন্ধ এক-দেড় কিলোমিটার পর্যন্ত ছড়িয়ে পড়ছে। মশা-মাছির উৎপাত এবং উৎকট গন্ধে এলাকায় থাকা দায় হয়ে উঠেছে। এছাড়া প্লাস্টিক, বোতল, পলিথিন ও হোটেল-রেস্টুরেন্টের পচা খাবারের কারণে পরিবেশ দূষণ ও জনস্বাস্থ্যের জন্য ঝুঁকি তৈরি হচ্ছে।
শ্রীমঙ্গল পৌরসভা সূত্রে জানা গেছে, ২০১৭ সালে জেটি রোড এলাকায় ২.৪৩ একর জমি ক্রয় করা হয়েছিল নতুন ভাগাড় নির্মাণের জন্য। কিন্তু আদালতের মামলার কারণে কাজ বন্ধ রয়েছে।
পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার জানান, প্রজেক্ট অনুমোদন হলে দ্রুতই স্যানেটারি ল্যান্ড ফিল্ড এবং ফ্যাকাল ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপনের কাজ শুরু হবে। এটি বাস্তবায়িত হলে ৫০ হাজার পৌরবাসী ও শহরতলীর জনস্বাস্থ্যের উন্নতি হবে।
শিক্ষার্থী ও স্থানীয়রা আশা প্রকাশ করেছেন, প্রশাসন দ্রুত কার্যকর পদক্ষেপ নিয়ে ময়লার ভাগাড় সরিয়ে শিক্ষা প্রতিষ্ঠান এবং আশপাশের পরিবেশ দূষণ মুক্ত করবে।




