শ্রীমঙ্গলে শীতের সতেজ সবজিতে বাজারে প্রাণ ফিরেছে
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১১ নভেম্বর ২০২৫, ৬:৪৬:৫৩ অপরাহ্ন
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) থেকে নিজস্ব সংবাদদাতা : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শীতের হিমেল আবহাওয়ার সঙ্গে তাল মিলিয়ে নতুন বাজারে সতেজ সবজির এখন দেখা মিলছে। সকালবেলার বাজারজুড়ে কৃষকদের তোলা সবুজ শাক-সবজিতে ভরে উঠেছে সবজির বাজার। বাজার ঘুরে দেখা গেছে, ফুল কপি, বাঁধাকপি, মূলা, টমোটো, লাউ, পুঁইশাক, পালংশাক, লালশাক, ডাটাশাকসহ নানা ধরনের তাজা সবজি।
সবজি বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, স্থানীয় কৃষকেরা সকালেই পাহাড়ি টিলা ও মাঠের জমি থেকে এসব সবজি তুলে বাজারে নিয়ে আসছেন। এতে বাজারে সবজির সরবরাহ বেড়েছে, আর ক্রেতারাও পাচ্ছেন টাটকা সবজি সুলভ দামে।
সবজি বিক্রেতা উত্তম জানান, পাইকারিতে বিক্রি হচ্ছে লাল শাক প্রতিকেজি ২০ টাকা, লাই শাক প্রতি কেজি ২৫ টাকা, কলমি শাক প্রতি আটি ১০ টাকা। হাবিব, সাজু, ও মোস্তফা জানান দেশি ধনিয়া পাতা ১৮০ টাকা ২০০ কেজি। বাঁধাকপি প্রতি কেজি ৫০ টাকা, ফুলকপি প্রতিকেজি ৬০ টাকা, লাউ ৪০/৫০ টাকা, টমেটো প্রতিকেজি ৮০ টাকা, বেগুন প্রতি কেজি ৬০ টাকা।
ক্রেতাদের অনেকেই জানান, শ্রীমঙ্গলের সবজি দেশের অন্য জায়গার তুলনায় বেশি সতেজ ও সুস্বাদু। শীতের শুরুতে এমন টাটকা সবজি পাওয়া সত্যিই আনন্দের।
সবজি ব্যবসায়ীরা আশা করছেন, মৌসুম যত এগোবে বাজারে শাক-সবজির পরিমাণ আরও বাড়বে এবং দামও স্থিতিশীল থাকবে।




